স্মার্টওয়াচ ৩-এ স্টেইনলেস স্টিল বেল্ট
সনির ‘স্মার্টওয়াচ ৩’-এর সঙ্গে এখন ব্যবহার করা যাবে স্টেইনলেস স্টিলের বেল্ট। লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শোতে স্টেইনলেস স্টিলের বেল্টসহ ‘স্মার্টওয়াচ ৩’-এর উন্নত সংস্করণ দেখিয়েছে সনি। এ ছাড়াও ডিভাইসটিতে যোগ হয়েছে নতুন কিছু অ্যাপ।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশাবল জানিয়েছে, আগের মতোই ৩২০ বাই ৩২০ পিক্সেলের চারকোনা ডিসপ্লে থাকছে ‘স্মার্টওয়াচ ৩’-এ। ডিভাইসটি পানি নিরোধক, গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার প্লাটফর্মে চলবে এটি।
বাজারের স্মার্টওয়াচগুলোর মধ্যে একমাত্র সনির ‘স্মার্টওয়াচ ৩’ হচ্ছে একমাত্র অ্যান্ড্রয়েড ওয়্যার ডিভাইস যাতে বিল্ট-ইন জিপিএসের সুবিধা আছে। সরাসরি এই জিপিএস ফিচার ব্যবহার করবে নতুন গলফশট ও আইফিট অ্যাপ দুটি।
এছাড়াও সিইএসে নতুন একটি হেডফোনের প্রোটোটাইপ দেখিয়েছে সনি। একাধিক সেন্সর থাকবে ‘বি-ট্রেইনার’ হেডফোনে, যা শরীরের বিভিন্ন অবস্থা অনুযায়ী প্লে-লিস্ট তৈরি করে গান শোনাবে ব্যবহারকারীকে।
