২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার প্রিন্ট করবে থ্রিডি প্রিন্টার ‘ফুডিনি’!

‘ফুডিনি’ নামের অভিনব এক থ্রিডি প্রিন্টারটি তৈরি করেছে বার্সেলোনাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ন্যাচরাল মেশিনস’। প্লাস্টিক মডেলের বদলে ‘সুস্বাদু খাবার’ প্রিন্ট করবে এই প্রিন্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রচলিত থ্রিডি প্রিন্টারের সঙ্গে ফুডিনির মূল পার্থক্য হল, প্লাস্টিকের বদলে ভোজ্য উপাদান থেকে খাবার প্রিন্ট করে থাকে এটি।

আকৃতিতে অনেকটা মাইক্রোওয়েভ ওভেনের মতোই ফুডিনি। ব্যবহারকারীরা অভিনব এ প্রিন্টারটি ইন্টারনেট সংযুক্ত একটি টাচস্ক্রিন ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। যন্ত্রটি থ্রিডি প্রিন্টারের মতো একই প্রযুক্তি ব্যবহার করে খাবার তৈরি করে থাকে বলে জানিয়েছেন ন্যাচরাল মেশিনসের সহ-প্রতিষ্ঠাতা লিনেট কুশমা ।

ফুডিনির বর্তমান মডেলটিতে প্রিন্ট হওয়া উপাদান খাবার আগে রেঁধে নিতে হয়। তবে পরবর্তী মডেলে প্রিন্টার থেকেই সরাসরি খাবার রান্না হয়ে বের হবে বলে জানিয়েছে সিএনএন।

এতে তৈরি খাবারের মান প্রসঙ্গে কুশমা জানান, যন্ত্রটি ভোজ্য উপাদান দিয়ে আসল খাবার তৈরি করে থাকে, তারা এর নির্মিত খাবার পরীক্ষা করেছেন এবং সবার কাছে সে খাবার ভালো লেগেছে।

অন্যদিকে ফুডিনির বাজার গ্রহণযোগ্যতার প্রশ্নে কুশমা উদাহরণ হিসেবে মাইক্রোওয়েভের কথা উল্লেখ করে বলেন, যখন ৭০-এর দশকে মাইক্রোওয়েভ বাজারে এসেছিল, তখন অনেকেই রেডিয়েশনের কারণে খাবার বিষাক্ত হয়ে যেতে পারে ভেবে এটি ব্যবহার করতে ভয় পেতেন, কিন্তু এখন এটি সাধারণ একটি গৃহস্থালি পণ্যে পরিণত হয়েছে। 

২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে যন্ত্রটির ব্যাপকহারে উৎপাদনের পরিকল্পনা রয়েছে ন্যাচরাল মেশিনসের।