২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টওয়াচে ঝুঁকছে প্রচলিত ঘড়িনির্মাতারা

সম্প্রতি স্মার্টওয়াচ বাজারে যুক্ত হল জার্মান ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান মঁব্লাঁ। স্মার্টওয়াচের পথে হাঁটছে সোয়াচ, টাইম্যাক্স এবং ফসিল-ও। প্রচলিত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোর স্মার্টওয়াচ তৈরির হিড়িক থেকে বোঝা যায় স্মার্টওয়াচ বাজার এখন শুধু প্রযুক্তিপণ্য নির্মাতাদের রাজ্য নয়।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

বিলেতি দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, জেনেভাতে সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক বিলাসবহুল ঘড়ির প্রদর্শনী ‘দ্য লা হাউতে অরলোজেহি’-তে “ই-স্ট্যাপ” নামে নতুন এই স্মার্টওয়াচটি উন্মোচন করে মঁব্লাঁ। প্রচলিত অ্যানালগ ঘড়ির নিচের অংশে ২২ মিলিমিটারের একটি টাচস্ক্রিন ডিসপ্লে যোগ করে স্মার্টওয়াচে পরিণত করা হয়েছে ই-স্ট্র্যাপকে। ব্লুটুথের মাধ্যমে ই-স্ট্র্যাপটি সংযোগ করবে আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে।

অন্যান্য স্মার্টওয়াচের মতোই নোটিফিকেশন এবং অ্যালার্টের জন্য ভাইব্রেশন হবে ই-স্ট্র্যাপে, একবার চার্জ দিলে টানা চলবে পাঁচদিন। দাম ৩৫০ ডলার।

ঘড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিপণ্য তৈরির ঘটনা নতুন নয়। এর আগে স্যামসাং নোট ৪ এর জন্য স্টাইলাস তৈরি করেছে মঁব্লাঁ। ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা আছে ফসিল ও ক্যাসিও-র জি শক মডেলের ঘড়িগুলোতেও।

গার্টনারের গবেষণা পরিচালক অ্যাঞ্জেলা ম্যাকিনটায়ার বলেন, “স্মার্টওয়াচকে বলা চলে ডিজিটাল ঘড়ির বিবর্তিত রূপ। কয়েক দশক ধরেই ঘড়িগুলো বাজারে আছে, এখন তাতে যুক্ত হয়েছে সংযুক্ত হওয়ার সুবিধা। পরিসংখ্যান অনুযায়ি প্রতিবছর প্রায় ১২০ কোটি ঘড়ি বিক্রি হয়, যার ২৩ শতাংশই ডিজিটাল।”

“এর একটি ছোট অংশও যদি স্মার্টওয়াচ হয়,তবুও অনেক স্মার্টওয়াচ”-- বলেন অ্যাঞ্জেলা।