‘থান্ডারস্ট্রাইক’ ঝুঁকিতে ম্যাক কম্পিউটার
‘থান্ডাস্ট্রাইক’ ঝুঁকিতে আছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটার।
সম্প্রতি জার্মানীতে অনুষ্ঠিত ‘কেওস কমিউনিকেশনস কংগ্রেস’-এ ম্যাক কম্পিউটারের থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে ম্যালওয়্যার সংক্রমণের এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক ট্রামেল হাডসন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার নিরাপত্তা গবেষণার জগতে পরিচিত নাম ট্রামেল হাডসন। বিশেষ করে বিভিন্ন ডিভাইস ও সিস্টেমের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর জন্য সুপরিচিত তিনি।
থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে ম্যালওয়্যার সংক্রমণের দুর্বলতাকেই হাডসন নাম দিয়েছেন ‘থান্ডারস্ট্রাইক’।
হাডসনের উপস্থাপনা অনুযায়ী, থান্ডারবোল্ট পোর্ট ব্যবহার করে ম্যাক কম্পিউটারে কাস্টম বুটকিট ইনস্টল করতে পারবেন একজন হ্যাকার। এই বুটকিট স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য থান্ডারবোল্ট ডিভাইসেও সংক্রমণ ঘটাতে পারে।
এই ম্যালওয়্যার সংক্রমণের ক্ষেত্রে বুটকিটের কোড নিজস্ব রমে থাকায়, ওএস এক্স রিইনস্টল করে বা হার্ড ড্রাইভ বদল করেও এই ম্যালওয়্যার সংক্রমণ এড়ানো সম্ভব নয়।
তবে ইতিবাচক খবর হচ্ছে ‘থান্ডারস্ট্রাইক’ এখনও ব্যাপক হারে ছড়িয়ে পরেনি বলে জানিয়েছেন হাডসন। অ্যাপলও ম্যাক মিনি এবং ৫কে রেটিনা ডিসপ্লের আইম্যাকের থান্ডারবোল্ট পোর্টের এই দুর্বলতার সমাধান করেছে।
অন্যদিকে ‘থান্ডারস্ট্রাইক’-এর সুযোগ নিতে চাইলে হ্যাকারকে সরাসরি ম্যাক কম্পিউটারের সংস্পর্শে আসতে হবে।
সব মিলিয়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘থান্ডারস্ট্রাইক’ এখনই কোনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে না বলে জানিয়েছে ম্যাশএবল।
