বিশ্ববাজারে পোক্ত হচ্ছে হুয়াওয়েই
গেল বছরে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়েইয়ের স্মার্টফোনের বিক্রি বেড়েছে এক-তৃতীয়াংশ। ধীরগতিতে হলেও স্মার্টফোনের বৈশ্বিক বাজারে হুয়াওয়েই টেকনোলজি কোম্পানি লিমিটেডের অগ্রগতি যে থেমে নেই সেটাই ইঙ্গিত করছে এই হিসেব।
হুয়াওয়েই কর্মীদের কাছে পাঠানো এক আভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালে সাড়ে ৭ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়েই। ৮ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য অর্জন করতে না পারলেও, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বিক্রি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
বাৎসরিক স্মার্টফোন বিক্রি এক-তৃতীয়াংশ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির আয় হয়েছে এগারোশ’ ৪০ কোটি ডলার।
তবে ২০১৪ সমসাময়িক প্রতিষ্ঠান জিয়াওমির সাফল্যের কাছে হুয়াওয়েইয়ের অগ্রগতি ‘ম্লান’ হয়ে যায় বলে মন্তব্য করেছে রয়টার্স। ২০১৪ সালের প্রথম ছয় মাসে ২ কোটি ষাট লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। ৬০ কোটি স্মার্টফোন বিক্রির লক্ষ্য অর্জন করতে পারলে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে তিনগুণ বেশি স্মার্টফোন বিক্রি করবে জিয়াওমি।
আভ্যন্তরীণ মেমো নিয়ে হুয়াওয়েই মুখপাত্র কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেছে রয়টার্স।
