‘জিহাদ রিপোর্টিং’ বাটন
অনলাইনে চরমপন্থী ও সন্ত্রাসী কনটেন্টের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যের শীর্ষ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানগুলো নতুন এক ‘ফিল্টার বাটন’ চালু করবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। জিহাদিদের মোকাবেলা করতে জন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোর ‘সামাজিক দায়’ আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিল্টার ব্যবস্থা আরও জোরদার করতে এবং চরমপন্থী ও সন্ত্রাসবাদ ছড়ায় এমন কনটেন্ট চিহ্নিত করতে বিশেষ ‘পাবলিক রিপোর্টিং বাটন’ চালু করতে অঙ্গীকার করেছে আইএসপি প্রতিষ্ঠানগুলো।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ১৪ নভেম্বর অস্ট্রেলিয়ান সংসদের উদ্দেশ্যে দেওয়া নিজের সংক্ষিপ্ত বক্তব্যে অনলাইনে জিহাদি কনটেন্টের বিস্তার রোধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করছেন বলে জানান ক্যামেরন।
“ফির্টারিং ব্যবস্থার আরও কঠোর করতে, রিপোর্টিং মেকানিজম আরও কার্যকর করতে এবং যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে নেতিবাচক কনটেন্ট সরিয়ে ফেলতে যুক্তরাজ্যে আমরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর আরও চাপ প্রয়োগ করছি।”--বলেন ক্যামেরন।
“অগ্রগতি হলেও আমাদের সামনে এখনও অনেক পথ বাকি। এটা তাদের সামাজিক দায় এবং তারা এটা পূরণ করবে বলেই প্রত্যাশা করি আমরা।”
বিবিসি জানিয়েছে, অক্টোবর মাসের এক আলোচনা থেকে অনলাইনে চরমপন্থী কনটেন্ট ঠেকাতে এই সম্ভাব্য পদক্ষেপগুলো উঠে এসেছে। অনলাইনে শিশু নিপীড়ন রিপোর্ট করতে যুক্তরাজ্যে প্রচলিত বিশেষ ‘রিপোর্টিং বাটনের’ আদলে আরেকটি বাটন চালু করার ব্যাপারে মৌখিক সমঝোতায় এসেছে ব্রিটিশ আইএসপি প্রতিষ্ঠানগুলো।
