মাস্কের ইন্টারনেট স্যাটেলাইট প্রকল্প নিশ্চিত
কম খরচে তৈরি ৭’শ ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্বব্যাপী ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ প্রকল্পের খবর নিশ্চিত করেছেন স্পেসএক্স এবং টেসলা মোটরসের কাণ্ডারি ইলোন মাস্ক।
ইয়াহু ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ইলোন মাস্ক নতুন প্রকল্পের খবর নিশ্চিত করেছেন এক টুইটার পোস্টের মাধ্যমে। ‘বড় ফরমেশনে কাজ করার উপযোগী অত্যাধুনিক মাইক্রো-স্যাটেলাইট নির্মাণের প্রকল্প’ এখনও প্রাথমিক পর্যায়েই আছে বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত কোনো তথ্য না জানালেও দুই থেকে তিন মাসের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক।
এ প্রকল্প বাস্তবায়নে মাস্কের সঙ্গে জোট বেঁধেছেন গুগলের স্যাটেলাইট বিভাগের সাবেক প্রধান গ্রেগ ওয়েইলার। প্রযুক্তি জগতের এই দুই ‘হেভিওয়েটের’ নতুন প্রকল্পের খবর সর্বপ্রথম জানিয়েছিল ওয়ালস্ট্রিট জার্নাল।
ব্যবসা-বাণিজ্য বিষয়ক ওই মার্কিন দৈনিকের প্রতিবেদনে অনুযায়ী, এক সঙ্গে ছোট ছোট ৭’শ স্যাটেলাইট নির্মাণের পরিকল্পনা করছেন মাস্ক আর ওয়েইলার। প্রতিটি স্যাটেলাইটের ওজন হবে আড়াই’শ পাউন্ডের নিচে।
