প্রথম যাত্রায় থাকব আমিও: ব্র্যানসন
ব্যক্তিমালিকানাধীন মহাকাশ পরিবহন সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন বলেছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী মহাশূন্যে যাওয়া প্রথম যাত্রীদের মধ্যে তিনি নিজেও থাকবেন। গত শুক্রবার মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণে দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত জানালেন স্যার রিচার্ড।
সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ব্র্যানসন বলেন, ‘আমি নিজেই যদি নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত না হই তাহলে অন্যদেরকে এব্যাপারে আহবান জানানোর কোন পথ নেই।’ তিনি আরো বলেন, ‘কিছুটা ঝুকি থাকলেও তা অবশ্যই মূল্যহীন নয়।’
শুক্রবারে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর ক্র্যাশ করে ‘স্পেসশিপ টু’। এতে কো-পাইলট মাইকেল আলসবারি নিহত হন। এধরনের প্রাণহানির ঘটনা নতুন নয়। এর আগে ২০০৭ সালে মাটিতে থাকা একটি রকেট মোটর পরীক্ষার সময় তা বিস্ফারিত হয় যাতে তিনজনের মৃত্যুসহ অনেকেই গুরুতর আহত হয় ।
শুক্রবারের দুর্ঘটনাটির তদন্তকারী প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ট্রান্সপোরটিং এবং নিরাপত্তা বোর্ড’ সংক্ষেপে ‘এনটিএসবি’ চূড়ান্ত কোন মন্তব্য প্রকাশ করেনি। তবে প্রাথমিক অনুসন্ধানের পর রোববারে সংস্থাটি জানায়, ধারণা করা হচ্ছে পৃথিবীতে নামার সময় গতি কমানোর জন্য স্পেসশিপে যে ‘ফেদার’ ব্যবহার করা হয় সঠিক সময়ের আগেই তা খুলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
ব্র্যানসন বলেন, রকেট কিংবা জ্বালানী ট্যাংকে অবশ্যই কোন ত্রুটি ছিল না। তার বিশ্বাস খুব শীঘ্রই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।
সমালোচকদের মতে, ব্র্যানসন এবং তার প্রতিষ্ঠান মহাশূণ্য ভ্রমণে ঝুঁকির ব্যাপারটিকে ছোট করে দেখছে এবং এ ব্যাপারে অতিরিক্ত প্রতিশ্রুতি দিচ্ছে।
তবে সমালোচনার জবাবে ব্র্যানসন বলেন, প্রথমদিকের মহাকাশ ফ্লাইটগুলো ১৯২০-৩০ সালের বানিজ্যিক বিমান পরিবহনের মত নিরাপদ হবে। কোম্পানির প্রতিশ্রুতির সমালোচনার ব্যাপারটিকে তিনি বাজে কথা বলে উড়িয়ে দেন।
৬৪ বছর বয়সী ব্র্যানসন ১৯৮৭ সালে বেলুনে করে প্রথমবারের মত আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া পাইলটদের একজন। এছাড়াও একটি উভচর বাহনে সবচেয়ে দ্রুত ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার রেকর্ড আছে তার। দুই সন্তানের জনক ব্র্যানসন জানিয়েছেন আসন্ন ফ্লাইটে যাত্রী হিসেবে তার পরিবারের একটি অংশও থাকবে।
