মীমাংসায় বোস-বিটস
‘নয়েজ ক্যানসেলিং হেডফোন’ পেটেন্ট নিয়ে সমঝোতায় এসেছে দুই অডিও পণ্য নির্মাতা বোস কর্পোরেশন এবং বিটস ইলেক্ট্রনিক্স। জুলাই মাসে ৫টি পেটেন্ট নকলের অভিযোগ এনে বিটসের বিরুদ্ধে মামলা করেছিল বোস। সেই ইসুতে শুক্রবার আদালতের বাইরে মীমাংসায় এসেছে প্রতিষ্ঠান দুটি।
বিটসের মালিকানা অ্যাপলের অধীনে থাকায় প্রকৃতপক্ষে এটি বোসের সঙ্গে অ্যাপলের সমঝোতা। চলতি বছরের শুরুতে অ্যাপল বিটস ইলেকট্রনিক্সকে কিনে নিয়েছে ৩’শ কোটি ডলারে।
রয়টার্স জানিয়েছে সমঝোতার খবর নিশ্চিত করলেও সমঝোতা চুক্তির শর্তাবলী নিয়ে মুখ খোলেননি বোসের মুখপাত্র।
নিখুঁত (এবং ব্যয়বহুল) সাউন্ড সিস্টেম এবং হেডফোন তৈরি করে থাকে বোস। জুলাই মাসে ডেলওয়্যার অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে করা মামলায় প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল- স্টুডিও এবং স্টুডিও ওয়্যারলেস সিরিজের হেডফোনে ৫টি পেটেন্ট নকল করেছে বিটস। এর ফলে বাজারে যে ‘লোকসান’ গুনতে হয়েছে তার ক্ষতিপূরণ চেয়েছিল বোস।
দুই পক্ষই মামলা উঠিয়ে নিতে চাইছে এবং নিজেদের যাবতীয় আইনী খরচ নিজেরাই বহন করবে-- বলা হয়েছে শুক্রবার মার্কিন আদালতে জমা দেওয়া এক নথিতে ।
এছাড়াও এ বিষয়ে চলতি তদন্ত বন্ধ করার জন্য ‘ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন’-কে আহ্বান জানিয়েছে উভয় প্রতিষ্ঠান। জুলাই মাসে মামলা করার সময় চীনে তৈরি বিটসের ‘নয়েস ক্যানসেলেশন’ পণ্য আমদানি বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের কাছে আবেদন করেছিল বোস।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/পরশ/এজেড/এইচবি/১৩ অক্টোবর/২০১৪
