২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ন্যাপচ্যাট থেকেও ছবি ফাঁস!

ফটো মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের নগ্ন ছবি চুরি করে অনলাইনে আপলোড করছে হ্যাকাররা। ভবিষ্যতে আরও ছবি প্রকাশের হুমকিও দিচ্ছে ওই হ্যাকাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে স্ন্যাপচ্যাটেল অফিশিয়াল অ্যাপের বদলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেছেন এমন ব্যবহারকারীদের ছবিগুলোই চুরি করেছে হ্যাকাররা। 

স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স ১৩ থেকে ১৭ বছরের হওয়ার কারণে বেশিরভাগ ছবিই শিশু-কিশোরদের হওয়ার আশঙ্কা করছে বিবিসি।

হ্যাক করা ছবিগুলো বৃহস্পতিবার রাতে এক মেসেজ বোর্ডে ডাউনলোড লিংকসহ পোস্ট করে দেয় হ্যাকাররা। তবে এরমধ্যে অনেক ছবিই ভুয়া বলে জানিয়েছে বিবিসি।

তবে নিজেদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা নেই বলেই দাবি করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। ভুক্তভোগী ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এ ধরনের অ্যাপের ব্যবহার স্ন্যাপচ্যাটের ব্যবহারবিধিতে স্পষ্টভাবে নিষেধ করা আছে বলে দাবি স্ন্যাপচ্যাটের।

তবে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার দায়দায়িত্ব স্ন্যাপচ্যাটকেই বহন করতে হবে বলে মনে করছেন নিরাপত্তা গবেষকরা। মুখ ঘুরিয়ে কেবল ব্যবহারকারীদের দোষ দেওয়া রূঢ় আচরণ বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মার্ক জেমস।

“তারা যখন নিরাপত্তার অঙ্গীকার করেছে তখন তাদের উচিত সেই নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চুরি করছে এমন যে কারও ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়া উচিত প্রতিষ্ঠানটির।”--এমনটাই বলেছেন জেমস।