২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্টব্লিডের পর এবার ‘ব্যাশ’

বহুল ব্যবহৃত লিনাক্স সফটওয়্যার ‘ব্যাশ’-এ নতুন এক বাগ আবিষ্কার করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। নতুন বাগটি চলতি বছরের এপ্রিল মাসে আবিষ্কৃত ‘হার্টব্লিড’ বাগের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ বলে আশংকা করছেন তারা।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলে চিহ্নিত হওয়া হার্টব্লিড বাগটি ব্যবহারকারীর কম্পিউটারের উপর কেবল নজরদারি করার সুযোগ দিত। কিন্তু ‘ব্যাশ’ সফটওয়্যারের বাগটির সাহায্য নিয়ে পুরো কম্পিউটারসিস্টেমের নিয়ন্ত্রণ হ্যাকাররা দখল করে নিতে পারে বলেই জানিয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেইল অফ বিটসের প্রধান নির্বাহী ড্যান গুইডো।

ব্যাশ সফটওয়্যারটির বাগটির কারণে লিনাক্স এবং অ্যাপলের ম্যাক ওএস এক্সের মতো ইউনিক্সভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’।

হ্যাকিংয়ের ঝুঁকি এড়াতে অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট ব্যবহারের পরামর্শ দিয়েছে ‘দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কম্পিউটার ইমার্জেন্সি রেডিনেস টিম (ইউএস-সিইআরটি)।

রেড হ্যাট ইনকর্পোরেট-এর মতো প্রতিষ্ঠানগুলো এর মধ্যেই লিনাক্স প্লাটফর্মের জন্য সফটওয়্যার আপডেট তৈরি করেছে। অ্যাপলের ওএস এক্স অপারেটিং সিস্টেমের জন্য এমন কোনো আপডেট আসছে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েছে বিবিসি।