গ্যালাক্সি সিরিজে নতুন এলটিই সেট
গ্যালাক্সি সিরিজের অংশ হিসেবে নতুন এলটিই সক্রিয় ‘গ্যালাক্সি কোর লাইট’ স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। তাইওয়ানে আয়োজিত এক ইভেন্টে নতুন স্মার্টফোনটির ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। পাশাপাশি গ্যালাক্সি এস৫, নোট থ্রি এবং নোট থ্রি নিও স্মার্টফোনগুলোর এলটিই ভার্সনের ঘোষণাও এসেছে ওই একই ইভেন্টে।
স্মার্টফোনবিষয়ক সাইট জিএসএম এরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন গ্যালাক্সি কোর লাইট চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। আছে স্ন্যাপড্রাগন ৪০০ চিপসেট এবং কোয়াড কোর করটেক্স-এ৭ প্রসেসর। জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের নাগালের মধ্যেই থাকবে স্মার্টফোনটির দাম।
অন্যান্য ফিচারের মধ্যে আছে ৪.৭৭ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১ জিবির র্যাম, ৮ জিবি রম, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারী । তবে নেই কোনো ফ্রন্ট ক্যামেরা।
শুরুতে কেবল তাইওয়ানের বাজারেই বিক্রি হবে স্মার্টফোনটি। দাম হবে ১৯৫ ইউরো। বিশ্বের অন্যান্য দেশে স্মার্টফোনটি কবে নাগাদ পাওয়া যাবে সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি স্যামসাং।
