২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলকে হটিয়ে সিংহাসনে গুগল

প্রযুক্তি জগতে টানা তিন বছরের একচ্ছত্র রাজত্যের পর শীর্ষ প্রতিদ্বন্দ্বীর কাছে সিংহাসনের দখল হারাল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:29 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

দ্বিতীয় বৃহত্তম বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের ‘Top 100 Most Valuable Global Brands’ র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড এখন ওয়েব জায়ান্ট গুগল।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ২০ শতাংশ কমে নেমে এসেছে ১৪ হাজার ৮’শ কোটি ডলারের নিচে। অন্যদিকে একই সময়ে গুগলের ব্র্যান্ড ভ্যালু ৪০ শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৯’শ কোটি ডলার। ব্র্যান্ড ভ্যালুর এই উত্থান পতনেই অ্যাপলকে টপকে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে গুগল।

সেলফ-ড্রাইভিং কার প্রজেক্টে গুগলের বিনিয়োগ, গুগল গ্লাস, শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পার্টনারশিপ আর মুক্তির অপেক্ষায় থাকা স্মার্টওয়াচের বদৌলতে বছরের প্রথম প্রান্তিকেই গুগল আয় করেছে ১৫ হাজার ৪’শ কোটি ডলার। এর মধ্যে লাভের খাতায় জমা হয়েছে ৩৪৫ কোটি ডলার।

ব্র্যান্ড ভ্যালু বেড়ে র্যাং কিংয়ের উপরে উঠেছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক এবং চায়নিজ ইন্টারনেট পোর্টাল টেনসেন্ট। এক বছরে দুই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে যথাক্রমে ৬৮ শতাংশ এবং ৯৭ শতাংশ। শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে ফেইসবুকের অবস্থান এখন ২১ নম্বরে।

গুগল, ফেইসবুক আর টেনসেন্টের সঙ্গে তুলনা করলে স্যামসাং, ইয়াহু আর সিমেন্সের অগ্রগতিটা কমই। প্রতিষ্ঠানটিগুলোর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে যথাক্রমে ২১ শতাংশ, ৪৪ শতাংশ এবং ৩৬ শতাংশ।

আর মিলওয়ার্ড ব্রাউনের এবারের ‘Top 100 Most Valuable Global Brands’ তালিকাতে প্রথমবারের মতো স্থান পেয়েছে টুইটার, লিংকডইন এবং এরিকসন।

ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আধিপত্যের ব্যাখ্যা দিয়ে মিলওয়ার্ড ব্রাউনের গ্লোবাল ব্র্যান্ডজ পরিচালক পিটার ওয়ালশ বলেন, “গুগল, ফেইসবুক, টুইটার, টেনসেন্ট আর লিংকডইনের মতো ডিজিটাল সার্ভিস ব্র্যান্ডগুলো এখন আর কেবল ইন্টারনেট সেবাভিত্তিক প্রতিষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং জায়গা করে নিয়েছে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে।”