২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে গেইম বদলে দিয়েছে ফেইসবুক

এ বছরের ফেব্রুয়ারির ৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পা রেখেছে এক দশকে। এ এক দশকে শুধু যোগাযোগ মাধ্যমের প্রক্রিয়াটিই নয়, আরও অনেক কিছুই বদলে দিয়েছে ফেইসবুক। এমনকি গেইমিং জগতও ভিন্নমাত্রায় চলে গেছে ফেইসবুকের বদৌলতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছে দশ বছরে ফেইসবুক কীভাবে দশটি পন্থায় বদলে দিয়েছে গেইমিং জগত। সে প্রতিবেদনের আলোকে চলুন আমরাও জেনে নেই বিষয়টি-

গেইমের ধারা

সাধারণত গেইম খেলতে প্রচুর সময় ব্যয় করতে হয়, যার ফলে আগে অনেকের পক্ষেই নিয়মিত গেইম খেলা সম্ভব হত না। কিন্ত সে ব্যাপারটি বদলে দিয়েছে ফেইসবুক। ফেইসবুক গেইম ডিজাইনের ধারাটিই বদলে দিয়েছে এমনভাবে, যাতে গেইমার অন্তত দিনে একবার হলেও তার গেইমটিতে এসে দেখেন সবকিছু ঠিক আছে কি না। এক কথায় বলা যায় শুধু একটু পরিবর্তনের মাধ্যমে সামাজিক এ মাধ্যমটি গেইমারদের গেইমে আসক্ত করে ফেলেছে। বিষয়টি আরও পরিস্কার হবে যদি উদাহরণ হিসেবে সাইটটির জনপ্রিয় গেইম ফার্মভিলের কথা ধরা হয়। যারাই ফার্মভিল খেলেছেন, তারা পরবর্তীতে অন্তত একবার হলেও গেইমটিতে ফিরে এসেছেন, শুধু দেখতে তাদের গেইমিংজগতের শস্য নষ্ট হয়ে যাচ্ছে কি না। ঠিক অনুরূপভাবে অন্যান্য গেইমেও নিত্যনতুন প্রক্রিয়ার মাধ্যমে সাইটটি গেইমারদের গেইমে ফিরিয়ে এনেছে বারবার।

বিনামূল্যে খেলার সুযোগ

বিনামূল্যে গেইম খেলার বিষয়টি আগে থেকে প্রচলিত থাকলেও তা বর্তমানের মতো এত বিশদভাবে প্রচলিত ছিল না। বলা যায়, ফেইসবুক এ বিষয়টি ছড়িয়ে দিয়েছে ঘরে ঘরে। হঠাৎ করেই যখন গেইমাররা আবিষ্কার করল তারা বিনামূল্যেই গেইম খেলার সুবিধা পাচ্ছেন তখন তাদের অনেকেই ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলতে থাকল বিভিন্ন কনসোলে গেইম কিনে খেলার বিষয়টির প্রতি। ফলে এখন কনসোল নির্মাতারাও বিনামূল্যে গেইম খেলার সুবিধা দেওয়ার বিষয়টি পরীক্ষা করে দেখছে। এভাবেই ফেইসবুক পরিবর্তন করে দিল গেইমিংজগতের আরেকটি ধারা।

গেইমে নতুনত্ব

আগের গেইমগুলো হত অনেকটাই প্রতিযোগিতানির্ভর। সেগুলো পাকা খেলোয়াররাই খেলে মজা পেতেন। কিন্তু সামাজিক মাধ্যমের গেইমগুলোতে ফেইসবুক নিয়ে এল বিভিন্ন মোড, যাতে সবাই খেলতে পারেন ও গেইমের মজাটি পান। সামাজিক মাধ্যমের গেইমগুলোতে খেলোয়ারদের ডেটা সংগ্রহ করে তাদেরকে সহজ, মধ্যম, কঠিন এ তিনটি ভাগে ভাগ করে দেওয়া হল। এছাড়াও যোগ করা হল টিউটোরিয়াল, যা নতুন গেইমারদের ধারণা দিতে পারবে-- কীভাবে গেইমটি খেলতে হবে। এর ফলে এখন একই গেইম যেখানে পাকা গেইমাররা খেলছেন কঠিন মোডে, সেটিই আবার সহজ মোডে খেলছেন নতুন গেইমাররা। বিষয়টি সম্পূর্ণ গেইমিং শিল্পকেই এমনভাবে নাড়া দিয়েছে যে এখন প্রায় প্রতিটি গেইমেই তিনটি মোড রাখা হচ্ছে। এমনকি বর্তমানে কনসোলের গেইমগুলোতেও এ বিষয়টির উপস্থিতি লক্ষণীয়।

শুরুতেই আকর্ষণ

আগের গেইমগুলোতে দেখা যেত ধীরে ধীরে গেইমটিতে বিভিন্ন শত্রুপক্ষের আগমণ হচ্ছে বা বাঁধার সম্মুখীন হতে হচ্ছে গেইমারদের। এভাবেই গেইমের প্রতি গেইমারের আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা করতেন গেইম ডিজাইনাররা। কিন্ত ফেইসবুক এসে সে ধারাটিও বদলে দিয়েছে। সাইটটি প্রথম থেকেই গেইমারদের নানাবিধ সমস্যায় ফেলে দিয়ে গেইমে আকৃষ্ট করে ফেলছে তাদের। এতে দেখা যায় গেইম শুরু করার মিনিট খানেকের মধ্যেই গেইমের জগতে হারিয়ে যান গেইমাররা। এছাড়াও এতে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়। যে যত তাড়াতাড়ি গেইমের সঙ্গে তাল মেলাতে পারবে সে তত দ্রুত এগিয়ে যেতে থাকবে।

মাল্টিপ্লেয়ারে খেলার সুযোগ

মাল্টিপ্লেয়ারে খেলার সুযোগ আগের গেইমগুলোতেও ছিল। কিন্ত সেটিতে একটি প্রধান সমস্যা ছিল ‘সময়’। সবাই সবসময় গেইমে সময় দিতে পারত না। আর তাই দেখা যেত দিনের কোনো্ একটা সময়ে হয়তো গেইম মাল্টিপ্লেয়ারে খেলা হচ্ছে। কিন্ত গেইমাররা জানেন যে মাল্টিপ্লেয়ারে গেইম খেললে ভিন্ন ধরনের এক মজা পাওয়া যায়। ফেইসবুক গেইম ডেভলপাররা এ সীমাবদ্ধতাটুকু বদলে দিয়েছেন। এখন অনলাইন গেইমে বন্ধুর সঙ্গে কিংবা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে অনায়াসে যে কোনো সময়ে খেলা সম্ভব। এমনকি যদি অন্য পক্ষ তখন অনলাইন বা গেইমে উপস্থিত নাও থাকে তাহলেও যাতে দুজনের মধ্যে একটি প্রতিযোগিতামূলক খেলা চলতে থাকে সে সুযোগটি করে দিয়েছে সাইটটি। শুধু ব্যতিক্রমভাবে গেইম ডিজাইনের মাধ্যমেই এটি করেছে সামাজিক যোযোগ মাধ্যম ফেইসবুক।

অভ্যন্তরীণ পরিবর্তন

গেইমে সাধারণত দেখা যায়, গেইমার যখন একটি লেভেল সম্পূর্ণ করে তখন তার জন্য অন্য আরেকটি লেভেল খুলে গেছে বা তাকে প্রয়োজনীয় সরঞ্জমাদি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমের গেইমগুলো এ প্রক্রিয়াটিই একটু অন্যভাবে উপস্থাপন করেছে। এসব গেইমে দেখা যায় গেইমারকে তার প্রয়োজনীয় সব সরঞ্জামাদিই দিয়ে দেয়া হচ্ছে, কিন্তু সে সঙ্গে যোগ করে দেওয়া হচ্ছে সময়ের সীমাবদ্ধতা। ফলে একটু অসম্পূর্ণতা রয়েই যাচ্ছে। নির্দিষ্ট সময় পরপর গেইমারকে এ ধরনের গেইমে ফিরে আসতে হয় শুধু তার গেইমটিকে ঠিক মতো ট্র্যাকে রাখার জন্য। এভাবে গেইমারও বারবার গেইমে ফিরে আসে আর গেইমও এগিয়ে যেতে থাকে। এ বিষয়টি পূর্ববর্তী গেইমগুলোতে ছিল না।

নারীদের অংশগ্রহণ

সাধারণ গেইমিং কনসোলগুলোর ক্ষেত্রে দেখা যেত অল্প বয়সী পুরুষরাই সেটি খেলছে।নারীদের সেটিতে অংশগ্রহণের মাত্রাটি কম ছিল। কিন্ত ফেইসবুক গেইমারদের মধ্যে বয়স এবং নারী, পুরুষের প্রভেদের বিষয়টি পরিবর্তন করতে পেরেছে। ফার্মভিল, বিজুয়েলড, ক্যাফে ওয়ার্ল্ডের মতো গেইমগুলোতে দেখা গেছে খুব দ্রুত নারীরাও অংশগ্রহণ করছেন। অল্প বয়সী থেকে শুরু করে মধ্যবয়সী নারীরাও এ গেইমগুলোতে অংশ নিয়েছেন। ২০১০ সালে গেইম ডেভলপার পপক্যাপ-এর এক জরিপে জানা গিয়েছিল, সামাজিক মাধ্যমের গেইমগুলোতে অংশগ্রহণকারী নারীদের গড় বয়স ৪৩ বছর। ফেইসবুকের প্রধান পাবলিশার উগা আবিষ্কার করে তাদের ৭০ শতাংশ অংশগ্রহণকারীরাই হচ্ছেন নারী। এ নিয়ে অস্কার ক্লার্ক নামের এক ব্যক্তি ২০০২ সালে একটি গবেষণার সঙ্গে যুক্ত হন। সেখানে তারা প্রশ্নোত্তরের মাধ্যমে জানতে পারেন, নারীদের গেইম খেলতে অনুমতি নিতে হত। এ ছাড়াও তাদের সামাজিক মাধ্যমের প্রয়োজন ছিল। ফেইসবুক তাদের এ সমস্যাগুলোর সমাধান করে দিয়েছে। পেইসবুক যে শধু এটি নারীদের জন্য করেছে তা নয়, তারা অনেকেরই এ ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহযোগিতা করেছে। ফলে যারা আগে চাওয়া সত্ত্বেও গেইম খেলতে পারতেন না, তারাও গেইমারে পরিণত হয়েছেন।

সংঘবদ্ধভাবে খেলা

ফেইসবুক একটা সময়ে ভ্যাম্পায়ার, জোম্বি, ওয়্যারওলফ ধরনের বিভিন্ন গেইম এনেছে যেগুলোতে একা খেলাটা কঠিন। আর তাই দেখা যেত গেইমাররা এসব গেইমে তাদের ফেইসবুক বন্ধুদেরও আমন্ত্রণ জানাচ্ছেন তার দলে যোগ দিতে। পরবর্তীতে দল গড়ে উঠলে এক গেইমার অন্য গেইমারের প্রতি খেয়াল রাখছেন যাতে আক্রমণের শিকার না হতে হয়। আবার ফার্মভিল-ফার্মটাউন ধরনের গেইমগুলোতে দেখা গেছে, এক গেইমার অন্য গেইমারকে নিজস্ব ভার্চুয়াল পণ্য দিয়ে সহযোগিতা করলে, সহযোগিতাকারী পুরস্কার পাচ্ছেন সাইটটির পক্ষ থেকে। এভাবে ফেইসবুক সংঘবদ্ধভাবে গেইম খেলার বিষয়টির সঙ্গেও গেইমিং শিল্পকে পরিচয় করে দিয়েছে।

পর্যবেক্ষণ

আগের গেইমিং শিল্পে দেখা যেত ডেভলপাররা একটি গেইম তৈরি করেছেন, বাজারে তা বেশ কিছুদিন চলার পর আবার নতুন গেইমে তৈরিতে এগিয়ে গেছেন। আগের গেইমে কী সমস্যা হয়েছে গেইমারের সে বিষয়ে কোনো পর্যবেক্ষণের প্রচলন ছিল না। কিন্ত ফেইসবুক আসার পর ডেভলপাররা তাদের গেইমে গেইমাররা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, কোথায় আটকে যাচ্ছেন এ বিষয়গুলো পর্যবেক্ষণ করতেন, বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করতেন ও পরবর্তী গেইম বানানোর সময় সেসব বিষয় মাথায় রেখে গেইম তৈরি করতেন। এ রীতিটি ফেইসবুকের মাধ্যমে শুরু হলেও এখন তা অন্যান্য ডেভলপাররাও অনুসরণ করছেন। এমনকি কনসোল নির্মাতারাও এখন গেইমারদের এ ডেটাগুলো সংগ্রহ করে থাকেন।

সামাজিক মাধ্যম আসলে গেইমের প্রবেশদ্বার

এখন ডেভলপাররা তাদের গেইম ফেইসবুক সাইটের জন্য না তৈরি করে স্মার্টফোনের জন্য তৈরি করছেন। কারণ এখন স্মার্টফোন, কনসোল, পিসি সব মাধ্যমেই বেশিরভাগ গেইম খেলতে ফেইসবুকে লগ-ইন করতে হয়। সনির প্লেস্টেশন ৪ এর ক্ষেত্রেও দেখা গেছে গেইম বন্ধুদের সঙ্গে নিয়ে খেলার জন্য গেইমারকে ফেইসবুকে লগ-ইন করার সুবিধা দেওয়া হচ্ছে। ফলে মানুষ ফেইসবুকে গেইম খেলার জন্য না গেলেও, গেইমে ফেইসবুকের উপস্থিতি রয়েই যাচ্ছে।