২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস, অ্যান্ড্রয়েডেও ব্ল্যাকবেরি মেসেঞ্জার

একশ’ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার অবমুক্ত করার ঘোষণা দিয়েছে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 04:55 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ও রোববার থেকে আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে অ্যাপটি ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে, উইন্ডোজনির্ভর স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।

এতে ব্ল্যাকবেরি স্মার্টফোন ছাড়াই ব্যবহার করা যাবে ব্ল্যাকবেরি মেসেঞ্জার। ২০১৪ সালের আগেই ব্ল্যাকবেরির ৪০ ভাগ কর্মী ছাঁটাইয়ের আগে নতুন এ ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ব্ল্যাকবেরি স্মার্টফোনের বিক্রি কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি ‘কঠিন সময়’ পার করছে। মেসেঞ্জারটির মাধ্যমে প্রতিষ্ঠানটি আবার নিজেদের অবস্থান সংহত করার চেষ্টা করছে।

শনিবার থেকে অ্যান্ড্রয়েড স্যান্ডউইচ ও জেলিবিন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপলের আইওএস ৬ ও আইওএস ৭ স্মার্টফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন তার একদিন পর থেকে।

ব্লগপোস্টে ব্ল্যাকবেরির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ বকিং জানান, একশ’ কোটিরও বেশি মানুষ অ্যান্ড্রয়েড, আইওএস এবং ব্ল্যাকবেরি স্মার্টফোনে মেসেঞ্জারটির মাধ্যমে বিনামূল্যে কথা বলা, ছবি শেয়ার করা ও নিজের অবস্থান ম্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

ব্ল্যাকবেরি মেসেঞ্জারকে ‘ক্রাউন জুয়েল’ বলে অভিহিত করা হয়। অ্যাপটি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হবে বলে ধারণা ব্ল্যাকবেরির। তবে এ মেসেঞ্জার সেবাটি বিনামূল্যের হওয়ায় ব্ল্যাকবেরির আপাতত কোনো আর্থিক পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্লেষকরা।