‘মেটাভার্স’, ‘ওয়েব৩’ এক কথায় নাকচ করে দিলেন মাস্ক
মেটাভার্সের আবেদন ঠিক যেন ধরতে পারছেন না টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’; আর ‘ওয়েব৩’ তার মতে বাস্তবতা নয়, শ্রেফ ‘বাজারজাতকরণ কৌশল’।
চলতি বছরে প্রযুক্তি শিল্পে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ‘মেটাভার্স’ আর ‘ওয়েব৩’ শব্দ দুটি। ব্যবহারকারী নিজেকে নিমজ্জিত করে ফেলতে পারবেন এমন ডিজিটাল দুনিয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ‘মেটাভার্স’। আর ‘ওয়েব৩’-কে বিবেচনা করা হচ্ছে বর্তমান ইন্টারনেট ব্যবস্থার বিকেন্দ্রীক উত্তরসূরী হিসেবে।
কিন্তু, টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বা টেসলা ও স্পেসএক্স প্রধান– এই পরিচয়গুলো বাদ দিলে ইলন মাস্ক একজন প্রযুক্তি উদ্যোক্তা। বাজারে সফল একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট এই উদ্যোক্তার চোখে গুরুত্ব পাচ্ছে না হালের ‘বাজওয়ার্ড’ মেটাভার্স ও ওয়েব৩। ভেবেও ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) নির্ভর মেটাভার্সের কার্যকর ব্যবহারের কোনো জায়গা দেখছেন না মাস্ক। আর ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রীক ‘ওয়েব৩’ ইন্টারনেট সেবার ধারণাই নাকি বুঝতে পারছেন না তিনি।
নতুন এই প্রযুক্তি ভাবনাগুলোর জন্য তিনি “হয়তো একটু বেশি বয়স্ক”-- সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন তিনি। তবে মাস্ক এটাও বলেছেন, “সারাদিন কেউ মুখের উপর স্ক্রিন স্ট্যাপ করে বসে থাকবে, এটা ভাবতে পারছি না আমি।”
মেটাভার্স চিন্তা প্রসঙ্গে মাস্কের মূল সমালোচনা হচ্ছে, এই প্রযুক্তির ব্যবহার উপযোগিতা দেখছেন না তিনি। সাধারণ ভোক্তাদের জন্য মেটাভার্স অভিজ্ঞতা হতাশাজনক হবে বলে আশঙ্কা মাস্কের।
“অবশ্যই নাকের উপর একটা টেলিভিশন বসাতে পারেন আপনি। কিন্তু সেটা আপনাকে মেটাভার্সে নিয়ে যায় কী না, সেটা ঠিক নিশ্চিত নই আমি। সারাদিন কেউ মুখের সঙ্গে স্ক্রিন লাগিয়ে রাখবে এবং সেখান থেকে বেড়োতে চাইবে না, এমনটা ভাবতেই পারছি না আমি।”
‘মেটাভার্স’ ভাবনা আপাতত বহুল প্রচারিত একটি ‘বাজারজাতকরণ কৌশল’ বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। সমালোচকরা বলছেন, এই খাতে যে প্রযুক্তির ব্যবহার দেখানো হচ্ছে তার সবই বিভিন্নভাবে বহুল প্রচলনের চেষ্টা হয়েছে আগেই। আগের তুলনায় ২০২১ সালে এসে এই প্রযুক্তিগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে ‘মেটা’র মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রচারণার কারণে।
প্রযুক্তি শিল্পের আরেকটি আলোচিত প্রসঙ্গ হচ্ছে ‘ওয়েব৩’ প্রযুক্তি। ‘ওয়েব৩’ নিয়ে আলোচনায় আলাদা গুরুত্ব দিয়ে বলা হচ্ছে– ইন্টারনেটে নিজের কর্মকাণ্ড এবং কনটেন্ট থেকে সরাসরি লাভবান হবেন ব্যবহারকারী। ‘ওয়েব৩’ নিয়ে মাস্ক বেশি কিছু না বললেও এই প্রযুক্তি ভাবনাটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন আগেই। ‘ওয়েব৩’ নিয়ে সংশয়-এর কথা বলেছেন টুইটার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান জ্যাক ডরসিও।
ডরসি’র মতে ‘ওয়েব৩’ দিয়ে কোনো কিছুরই “গণতন্ত্রকরণ” হবে না, বরং ফেইসবুকের মতো প্রতিষ্ঠানের হাত থেকে ক্ষমতা হস্থান্তর হবে ‘অ্যান্ড্রেসসেন হরোইটজ’-এর মতো নতুন প্রতিষ্ঠানের হাতে।
