Published : 04 Mar 2018, 04:44 PM
শহরে ফ্লাইং ট্যাক্সি ও রাইড শেয়ারিং সেবার সম্ভাবনাময় বাজারে প্রতিদ্বন্দ্বীতা করতেই এই খাতে আগ্রহ প্রকাশ করেছে পোর্শ, জার্মান ম্যাগাজিন আটোমোবিলওশে-কে একথাই জানিয়েছেন প্ল্যাটেন। ফ্লাইং ট্যাক্সি বানাতে ইতোমধ্যেই কাজ করছে অনেক প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এবার প্রতিযোগিতায় নামছে ফোক্সভাগেন গ্রুপ-এর স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্ল্যাটেন বলেন, “এটা সত্যিই দারুণ হবে। আমি যদি জুফেনহাউসেন (পোর্শ প্ল্যান্ট) থেকে স্টুডগার্ট এয়ারপোর্ট-এ যাই, আমার অন্তত আধা ঘন্টা সময় লাগে, যদি আমি সৌভাগ্যবান হই। উড়ে গেলে মাত্র সাড়ে তিন মিনিট লাগতে পারে।”
উডুক্কু গাড়ির নকশার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে পোর্শ। যাতায়াত বাজারকে পরিবর্তন করতে প্রথাগত গাড়ি থেকে শুরু করে স্বচালিত গাড়িকে রাইড-হেইলিং অ্যাপের মাধ্যমে শেয়ার ব্যবস্থার আওতায় আনতে পারে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
আগের বছর জেনেভা অটো শো-তে পপ ডটআপ নামের একটি দুই আসনের উডুক্কু গাড়ি দেখিয়েছে ফোক্সভাগেন গাড়ি নকশাকারী ইটালডিজাইন ও এয়ারবাস। শহরের যানজট এড়াতেই নকশা করা হয়েছে গাড়িটি।
প্রতিবেদনে আরও বলা হয়, পোর্শ-এর পরিকল্পনা অনুযায়ী উডুক্কু গাড়িটির কিছু নিয়ন্ত্রণ দেওয়া হবে যাত্রীকে। কিন্তু এর জন্য কোনো পাইলট লাইসেন্স লাগবে না, কারণ এটির অনেক নিয়ন্ত্রণ হবে স্বয়ংক্রিয়।