১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মোবাইল ভিডিও প্রচারণায় ফেইসবুক

বিজনেস টু বিজনেস বা বিটুবি ধরনের বিজ্ঞাপনী প্রচারণা চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের বিশেষভাবে বানানো মোবাইল ভিডিও বিজ্ঞাপনে বেশি বিনিয়োগ করতে শেখানো হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 07:19 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

চলতি বছর ১৬ মার্চ ফেইসবুকের এই ব্র্যান্ড প্রচারণা শুরু হবে। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কনটেন্ট বানানোর দিকে বিপনণ খাত নিয়ে যেতে বিপনণকারীদের শেখানো ও উৎসাহ দেওয়া হবে, জানিয়েছে আইএএনএস। 

যুক্তরাষ্ট্রে ফেইসবুকের বিনোদন খাত প্রধান গুয়েন থ্রকমর্টন বলেন, “মোবাইল ভিডিও’র ক্ষমতা কাজে লাগাতে চায় এমন সংবাদ সংস্থা আর বিপনণকারীদের আমরা লক্ষ্য করছি।”

ফেইসবুকের অভ্যন্ত্ররীণ বৈশ্বিক বিপনণ দল গিল্ড ও হ্যালো ডিজাইন নামের একটি সংস্থা দুই মাসব্যাপী এই প্রচারণা চালাবে।

এর আগে ফেইসবুক নিজেদের ব্যবসায় নিয়ে বিজ্ঞাপন প্রচারণা চালালেও, এখন পর্যন্ত একেই নিজেদের সবচেয়ে বড় বিটুবি বিজ্ঞাপন প্রচারণা হিসেবে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

থ্রকমর্টন বলেন, “কীভাবে মোবাইল ভিডিও বিপনণকারী ও গ্রাহকদের জন্য বিশাল ক্ষমতা এনে দিয়েছে তা নিয়ে বলতেই এই প্রচারণা চালানো হবে।”

ফেইসবুকের মতে, আগের যে কোনো সময়ের চেয়ে এখন মোবাইল ভিডিও নিয়ে আলোচনা সবচেয়ে অর্থপূর্ণ।

চলতি বছর ফেব্রুয়ারিতে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ফেইসবুক ভিডিও’র ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। এক বিবৃতিতে তিনি জানান, ছোট আকৃতির ভিডিও আর কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগ করে নেওয়ার দিকেই তার প্রতিষ্ঠানের নজর বেশি থাকবে। ছোট আকৃতির ভিডিওর দিকে মনোযোগ দেওয়ার এ বিষয়টি ফেইসবুক ভিডিওকে নেটফ্লিক্স, এইচবিও বা অন্যান্য কেবল টিভি থেকে একটি আলাদা বৈশিষ্ট্য প্রদান করবে।