১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফোন ৭ হবে 'চকচকে কালো' রঙের

'চকচকে কালো' রঙের নতুন আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল, সম্প্রতি এমন গুজবই শোনা যাচ্ছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির পণ্য উন্মোচন অনুষ্ঠান অ্যাপল ইভেন্টের। ইভেন্টকে ঘিরে ইতোমধ্যেই বেশ কিছু গুজব শোনা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 03:32 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

ইভেন্টটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে নতুন আইফোন। সর্বশেষ আইফোনগুলোতে খুব বেশি পরিবর্তন করেনি অ্যাপল। 'আইফোন ৭' নিয়ে তাই ধারণা করা হচ্ছে বড় ধরনের পরিবর্তন থাকবে এই ফোনটিতে।

'আইফোন ৭'-এ অন্য যে পরিবর্তনই থাকুক না কেনো এবার এর রঙে বিশেষ পরিবর্তন থাকবে বলে গুজব উঠেছে। শোনা যাচ্ছে পাঁচটি রঙে উন্মোচন করা হবে আইফোন ৭। এর মধ্যে সিলভার, গোল্ড, রোজ গোল্ড তো থাকছেই। এর পাশাপাশি দুইটি কালো রঙ থাকতে পারে এতে। এর মধ্যে একটি উনুজ্জল কালো এবং অপরটি চকচকে কালো হতে পারে, জানিয়েছে ব্যবসা বাণিজ্য বিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

কালো রঙের আইফোন ৭ বর্তমানের 'স্পেস গ্রে' থেকে আরও কিছুটা গাঢ় হবে বলে জানানো হয়েছে। উনুজ্জল কালো আইফোন এর আগে 'আইফোন ৫' এ দেখা গিয়েছে। সেক্ষেত্রে চকচকে কালো রঙটি পুরোপুরি নতুন।

চকচকে কালো রং হলেও এতে কী উপাদান ব্যবহার করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অথবা গ্লাসের সংমিশ্রণে নতুন আইফোন ৭ তৈরি করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

৭ সেপ্টেম্বর নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচের নতুন সংস্করণ উন্মোচন করতে পারে অ্যাপল। যদিও এর আগে এক প্রতিবেদনে বলা হয়, নতুন অ্যাপল ওয়াচে বড় কোনো পরিবর্তন আনা হবে না। তবে, নতুন ম্যাকবুকে বড় পরিবর্তন আনার বিষয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।