২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যামার 'নেকারস বটনেট’ গায়েব

বর্তমান সময়টাতে কিছুটা নীরব ভূমিমকাই পালন করছে ইন্টারনেটে দৌরাত্ম্য করে বেড়ানো স্প্যামিং সার্ভিস নেকারস বটনেট। এ নিয়ে ধাঁধায় পড়ে গিয়েছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা, ভাষ্য ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর যাবত নেকারস বটনেট হাজার হাজার সাইবারদস্যু দলের ম্যালওয়ার সমৃদ্ধ ভুয়া মেইল বিতরণ করে বেড়িয়েছে। কিন্তু নেকারস-এর তীব্র ইন্টারনেট ট্রাফিক হঠাৎ কমতে কমতে শূন্যে পৌঁছে গিয়েছে। ট্রাফিকের এই পতনের কারণ এবং আদৌ সার্ভিসটি আগের মতো ব্যস্ত হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সার্ভিসটির প্রথম ক্ষয়ের চিহ্ন পাওয়া যায় মাসের শুরুতে, যখন মেইলের সঙ্গে ছড়িয়ে পড়তে থাকা ড্রিডেক্স ব্যাংকিং ট্রোজান এবং লকি র্যা নসমওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর হাতে পড়ে নষ্ট হয়।

প্রুফপয়েন্ট এক ব্লগপোস্টে জানায়, প্রতি সপ্তাহে সাধারণত কোটির বেশি মেসেজ ঝুঁকিপূর্ণ প্রোগ্রাম নিয়ে যাত্রা শুরু করে নেকারস থেকে। পোস্টটিতে আরো জানানো হয় যে, মেসেজের এই বন্যা শেষ সপ্তাহে এক প্রকার বন্ধই হয়ে গিয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে নেকারস বটনেট দীর্ঘ সময়ের জন্য অফলাইনে রয়েছে। ধারণা করা হয় প্রায় ৬০ লাখ আক্রান্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারের সমন্বয়ে নেকারস বটনেট তৈরি করা হয়েছে।

কম্পিউটারগুলোর অধিকাংশ ব্যবহারকারীই রুটকিট ম্যালওয়ারের খপ্পরে পড়ে আক্রান্ত হয়েছে। প্রুফনেট জানায়, নেকারস-এর অংশ হিসেবে ব্যবহৃত হত এরকম কয়েকটি কম্পিউটার পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে, নেকারস-এর মূল প্রশাসনিক অংশটি গায়েব হয়ে গিয়েছে।

ব্লগপোস্টে বলা হয়, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে নেকারস বটস মূলত নতুন একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সিস্টেম খুঁজছে। তবে, নেকারস বটনেট-এর হোতা পুনরায় বটনেট-এর নিয়ন্ত্রণ গ্রহণে সক্ষম হবেন কি না সে ব্যাপারে কোনো প্রমাণাদি নেই। বটনেটের সিঅ্যান্ডসি সিস্টেম নেটওয়ার্ককে সচল রাখতে এবং স্প্যাম বা ম্যালওয়্যারের সুষ্ঠু বিতরণের জন্য ব্যবহৃত হয়। নিরাপত্তা গবেষক যারা বটনেটের উপর চোখ রাখছিলেন তারা জানান, আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা রহস্যজনক। প্রযুক্তি সংবাদদাতা মাদারবোর্ড-কে ফায়ারআই-এর একজন গবেষক জুনও সা জানান, বটনেটের পতনের কারণ এখনও স্পষ্ট নয়।