২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরক্তিকর অ্যাপ থেকে মুক্তি দিচ্ছে অ্যাপল?

অ্যাপলের অব্যবহৃত বিল্ট-ইন অ্যাপগুলো কখনো মুছে ফেলা যায় না, যেটা সম্ভবত অনেকের কাছেই আইফোনের সবচেয়ে বিরক্তিকর বৈশিষ্ট্য। যেমন শেয়ারবাজার, আবহাওয়া, ভয়েস রেকর্ডিং এর মত অ্যাপগুলোতে আগ্রহ না থাকলেও তা মোবাইলের পর্দায় ভেসে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

এই সমস্যার সমাধানে এবার নতুন ফিচার চালু করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয় এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন চাইলেই বিরক্তিকর অ্যাপগুলো সরিয়ে রাখতে পারবে। আইটিউনস-এ কিছুকিছু অ্যাপের ক্ষেত্রে “হাইডএবল” নামে একটি অপশন দেখা যায়, যেখানে ব্যবহারকারী অ্যাপগুলোকে অদৃশ্যমান করতে পারবে বলে জানিয়েছে স্কাইনিউজ।

প্রতিবেদনে বলা হয় ব্যবহারকারীরা অ্যাপগুলোকে অদৃশ্য করতে পারলেও সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবে না, যার ফলে অ্যাপগুলো ডিভাইসের জায়গা ঠিকই দখল করে রাখবে।

এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছিলেন, স্টকের কয়েকটি অ্যাপ আইওএস কে সক্রিয় রাখতে প্রয়োজন হয়। যেমন অ্যাপল ম্যাপ মুছে ফেললে সিরির দিক নির্দেশনা দিতে সমস্যা হবে এবং ডায়াল অ্যাপ মুছে ফেললে কল করতে সমস্যা হবে।

গত বছরই তিনি বাজফিড কে বলেন, “প্রথমটির তুলনায় এটি আরও জটিল বিষয়, কিছু অ্যাপ আছে যেগুলো আইফোনের সঙ্গে সংযুক্ত। সেগুলো মুছে ফেলা হলে ফোনে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে”। তিনি আরও বলেন, “আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলোর এরকম সমস্যা নেই, সেইরকম অ্যাপগুলোকে আমরা খুঁজে বের করে তাদের মুছে ফেলার উপায় বের করব। আমরা গ্রাহকদের খুশি রাখতে চাই। কিছু গ্রাহক এমন প্রত্যাশা করেছিলেন, এবং আমরা এটি সমাধানের চেষ্টা করছি”।

নতুন এই ফিচারটি এ বছর শেষে নতুন আইফোন ৭-এ দেখা যেতে পারে বলেও জানায় স্কাইনিউজ।