ভারতের নিয়ম ভাঙবে অ্যামাজন
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ভারতের বৈদেশিক বাণিজ্য রীতি ভাঙতে পারে সম্প্রতি এমন গুঞ্জনের কথাই শোনা যাচ্ছে।
চলতি বছরের মার্চের শেষদিকে বৈদেশিক ই-কমার্স বাণিজ্যের উপর বাড়তি নীতি জুড়ে দেয় ভারত সরকার। পণ্যের দামের উপর সরকারের ‘চাপিয়ে দেওয়া’ ওই নীতিই অ্যামাজন ভাঙতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
ভারত সরকার নিয়ম করে দেয় পণ্যের উৎস এবং মূল্যবিষয়ক বেশ কিছু তথ্য ই-কমার্স প্রতিষ্ঠানটির সাইটে থাকতে হবে। অ্যামাজনের চলতি কার্যধারায় ওই নিয়মগুলো প্রচলিত নয়। সমস্যা হল, ভারত সরকার নতুন নিয়ম বাস্তাবায়নের জন্য কোনো সময়ই দেয়নি বরং ঘোষণা করা হয় নতুন নিয়মগুলো ‘অবিলম্বে কার্যকর করতে হবে’।
নিয়ম ভাঙ্গার ব্যাপারে শুধু অ্যামাজনকেই নয় এর প্রতিদ্বন্দ্বীদেরকেও সন্দেহ করা হচ্ছে। তবে সরকারের নতুন এই নীতিমালা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। “নীতিমালা প্রণয়ন করা হলেও প্রতিষ্ঠানগুলো কিভাবে সেটি প্রয়োগ করবে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। এমনকি প্রতিষ্ঠানগুলোকে কোন সময়ও বেঁধে দেয়নি সরকার।”- বলেন ভারতে ফরেস্টার রিসার্চের গবেষক সতিশ মিনা।
সরকারের এই নীতিমালা নিয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যেই সরকারকে চিঠি দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এমনকি সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম শিথিল করারও আবেদন করা হয়।
২০১৩ সালে ভারতে ব্যবসা শুরু করে অ্যামাজন। সরকারের নতুন নিয়ম অনুসারে এবার ব্যবসায় বেশ বড় ধরনের পরিবর্তনই আনতে হবে এই প্রতিষ্ঠানকে। তাই নতুন নীতিমালা এখনো খতিয়ে দেখছে অ্যামাজন।
