কোটি ডলার জরিমানা উবারের
উবার চালকদের চিহ্নিতকরণ প্রক্রিয়া নিয়ে চলে আসা বিরোধ নিষ্পত্তিতে এক কোটি মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে অ্যাপভিত্তিক অনলাইন ট্যাক্সি সেবাদাতা এই প্রতিষ্ঠানটি। প্রথাগত ট্যাক্সি সংস্থাগুলোর চেয়ে তাদের ভেটিং পদ্ধতিকে ভালো দাবী করায় ২০১৪ সালে উবারের বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে জনসম্মুখে তাদের সেবাকে “স্বর্ণমান” বলে দাবী করে প্রতিষ্ঠানটি। কিন্তু স্যান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের সরকারি আইনজীবী জানান, নিরাপত্তার বিষয়ে তাদের দেওয়া বিবৃতিটা ছিল বিভ্রান্তিকর। উবার জানায়, অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন উদ্বেগের মোকাবিলা করেছে, এবং প্রতিষ্ঠানে কোনো অন্যায়ের প্রবেশাধিকার ছিল না।
বিবিসি জানিয়েছে, অন্যান্য ট্যাক্সি প্রতিষ্ঠানগুলোর মত সন্ত্রাসী সনাক্তকরণের জন্য উবারের আঙ্গুলের ছাপ পরীক্ষা করার প্রয়োজন পড়ে না। এর পরিবর্তে উবার ভিন্ন ডেটাবেইজ ব্যবহার করে থাকে। এই ডেটাবেইজ চালকদের বিগত সাত বছরের তথ্য সংগ্রহ করে থাকে।
নিষ্পত্তির একটি অংশে উবারের পক্ষ থেকে জানানো হয়, তারা তাদের বিজ্ঞাপনে “রাস্তায় নিরাপদ চালনা” পরিভাষাটি আর ব্যবহার করবে না। তবে, প্রতিষ্ঠানটি তাদের প্রক্রিয়ায় আঙ্গুলের ছাপ পরীক্ষা যোগ করবে না। প্রতিষ্ঠানটি জোর দিয়ে জানায় তারা মনে করে চালকদের বাছাই করতে কোনো পরীক্ষা পদ্ধতিই শতভাগ ঝুঁকিমুক্ত নয়।
অভিযোগকারীরা জানায়, উবার ২৫ জন যৌন অপরাধী, খুনী এবং চালক হওয়ার অযোগ্য অপরাধীকে সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, “দূর্ঘটনা এবং ঘটনা ঘটতেই পারে। এ জন্যই আমরা নিশ্চিত করতে চাই উবার এর বর্ণিত নিরাপত্তার বর্ণনাটি স্পষ্ট এবং যথাযথ”।
উবারের আরো কিছু পরিভাষাতে পরিবর্তন আনা হয়েছে। “নিরাপদ যাত্রার খরচ” পুনঃনামকরণ করে “বুকিং খরচ” করা হয়েছে। পরিবর্তনের এই বিষয়গুলোকে বাদ দিয়ে ক্যালিফোর্নিয়া রাষ্ট্র জুড়ে আরোহী এবং চালকদের জন্য তাদের সেবার প্রচেষ্টাকে দ্বিগুণ করতে চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
৬০ দিনের মধ্যে স্যান ফ্রান্সিসকো এবং লস এঞ্জেলেস কর্তৃপক্ষের কাছে এক কোটি মার্কিন ডলার প্রদান করবে উবার। যদি প্রতিষ্ঠানটি তাদের নিষ্পত্তির কোনো চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের জরিমানা হিসেবে দুই বছরে আরও দেড় কোটি মার্কিন ডলার প্রদান করতে হবে।
স্যান ফ্রান্সিসকোর জেলা অ্যাটর্নি জর্জ গ্যাসকন বলেন, “আমরা আজ যে ফল অর্জন করেছি উবারের উপর তার প্রভাব পড়বে”।
