২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নেটের গতি বেড়েছে তিনগুণ

ভিডিও স্ট্রিমিং আর কনটেন্ট ডাউনলোডের চাহিদা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে গ্রাহকদের উচ্চ গতির ইন্টারনেট সংযোগের চাহিদা। চাহিদার সঙ্গে তাল মেলানোর চেষ্টার ফলে সাড়ে তিন বছরে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সংযোগের গতি বেড়েছে তিন গুণ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

ইন্টারনেটের গতি এতটা বাড়ানোর পরও অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের যোগাযোগবিষয়ক নীতিনির্ধারক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালের মার্চে দেশটিতে ইন্টারনেট সংযোগের গড় ডাউনলোড গতি ছিল ১০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস), ২০১৪ সালের সেপ্টেম্বরে তা বেড়ে ৩১ এমবিপিএস হয়েছে।

গ্রাহক চাহিদার সঙ্গে তাল মেলাতে জোর চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবা খাতে। দেশটির নয়টি শহরে ১ হাজার এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এক্ষেত্রে আবার একটু এগিয়ে, একই গতিতে ২০টি শহরে সেবা দিচ্ছে তারা। আর ২০১৬ সালে আরও ৩৬টি শহরে ওই সেবা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন গণমাধ্যম কমকাস্ট কর্পোরেশন জানিয়েছে, বর্তমানে দেশটির ফিলাডেলফিয়ায় নিজস্ব ব্যবস্থায় ১ হাজার এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিচ্ছে তারা। ২০১৬ সালে আরও কিছু এলাকায় এ সেবা আনার পরিকল্পনা রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের মোট ইন্টারনেট ট্রাফিকের ৬০ শতাংশই ভিডিও’র জন্য ব্যবহৃত হয় বলে জানিয়েছে এফসিসি। ২০১৯ সালে ওই হার বেড়ে ৮০ শতাংশ হতে পারে বলে সংস্থাটির ধারণা।

সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা মেলে এমন দেশগুলোর তালিকায় ২০১৩ সালে যুক্তরাষ্ট্র ৩৯ দেশের মধ্যে ২৫তম স্থানে ছিল বলে জানিয়েছে এফসিসি। ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপানের মতো অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে ছিল। সেই হিসেবে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ ছিল লুক্সেমবার্গে, সেখানকার গড় ডাউনলোড গতি ছিল ৪৭.৩২ এমবিপিএস।

চলতি বছর জানুয়ারিতে ব্রডব্যান্ড সংযোগের জন্য ২৫ এমবিপিএস ডাউনলোড গতির ‘বেঞ্চমার্ক’ ঠিক করে দেয় এফসিসি। ইন্টারনেটের গতি বাড়ানোর গুরুত্ব জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান টম হুইলার এক বিবৃতিতে বলেন, “দ্রুত, উন্নত ব্রডব্যান্ড মার্কিনদের জীবন উন্নত করতে নতুন উদ্ভাবন আর নতুন সেবার পথ উন্মুক্ত করবে।”