২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের জন্য নতুন টাইমলাইন

নিজস্ব মোবাইল অ্যাপে একটি মূল নিউজ ফিডের পাশাপাশি একাধিক বিষয়ভিত্তিক নিউজ ফিড নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, ফেইসবুক পেপার অ্যাপের সঙ্গে বেশ মিল আছে মোবাইলের জন্য একাধিক নিউজ ফিডের চিন্তার। পেপার অ্যাপটিও স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ব্যবহারকারী আর পেইজের পোস্টগুলো আলাদা করে। 

মোবাইল অ্যাপে প্রচলিত নিউজ ফিড তো থাকবেই, তার সঙ্গে আছে ‘স্টাইল’, ‘ট্রাভেল’, ‘হেডলাইনস’-এর মতো একাধিক ফিড। নতুন ফিডগুলোর একটি থেকে আরেকটি দেখা যাবে সোয়াইপ করেই।

এ বিষয়ে ফেইসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষজন নতুন কোনো অপশন পেতে আর নিজেদের আগ্রহের বিশেষ কোনো বিষয়ে ফেইসবুকে আরও বেশি আলাপ জমাতে অধীর আগ্রহী।

টাইম ম্যাগাজিনকে ফেইসবুকের ওই মুখপাত্র বলেন, “এ কারণে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যক্তি ও পেইজগুলোর ভিন্ন ভিন্ন পোস্ট ব্যবহারকারীদের আলাদাভাবে দেখানোর জন্য একাধিক ফিড নিয়ে পরীক্ষা করছি। আপনি আপনার বুকমার্ক, ফেভারিটস বা সার্চ-এর নিচে থাকা নেভিগেশন বার ব্যবহার করে ওই ফিডগুলো অ্যাকসেস করতে পারবেন।”

অন্যদিকে ‘মার্কেটপ্লেইস’ নিয়ে টানা কয়েক মাস পরীক্ষা চালানোর ফিচারটি বড় পরিসরে উন্মুক্ত করা হচ্ছে বলে জানান ফেইসবুকের ওই মুখপাত্র। অক্টোবরে থেকে ‘শুধু ‘শপিং' নামে ওই ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছিল ফেইসবুক। ফেইসবুকের মূল অ্যাপের অনেকটা আড়ালে রেখেই পরীক্ষা চালানো হয় ফিচারটি নিয়ে।