অনলাইনে নেই বিবিসি
অ্যাক্সেস করা যাচ্ছে না ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন- বিবিসির ওয়েবসাইট। যান্ত্রিক জটিলতার কারণে ৩১ ডিসেম্বর সকাল থেকেই অ্যাক্সেস করা যাচ্ছে না সংবাদমাধ্যমটির একাধিক ওয়েবসাইট এবং ডিজিটাল সেবাগুলো।
বিশ্বের বৃহত্তম সংবাদমাধ্যমগুলোর অন্যতম বলে বিবেচিত প্রতিষ্ঠানটি তাদের ‘বিবিসি আইপ্লেয়ার’ টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে, “এই মুহুর্তে আমরা কিছু যান্ত্রিক জটিলতার মুখোমুখি হয়েছি যা খুব শিগগিরই সমাধান করার আশা করছি। এই বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত।”
বিবিসি টুইটার অ্যাকাউন্ট থেকে বিড়ম্বনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেও প্রতিষ্ঠানটির মূল ওয়েবসাইট bbc.co.uk-এর ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। বাংলাদেশের স্থানীয় সময় বিকাল ৪.৫০ মিনিটে একাধিকবার চেষ্টার পরেও অ্যাক্সেস করা যায়নি বিবিসির মূল সাইটটি। সাইটটিতে যাওয়ার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিবিসি ডটকম-এ।
bbc.co.uk ডোমেইনের মাধ্যমে বিবিসি যে সংবাদ এবং ডিজিটাল সেবাগুলো দিয়ে থাকে, যান্ত্রিক জটিলতার শিকার হয়েছে তার সবগুলোই —জানিয়েছে বিলেতি আরেক দৈনিক গার্ডিয়ান। যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১টা) থেকেই বিবিসির সাইট অ্যাক্সেস করতে না পারছেন না বলে অভিযোগ করা শুরু করেন ব্যবহারকারীরা।
সাইটটিতে অ্যাক্সেস করার চেষ্টা করলে ‘এরর কোড: ৫০০’ দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। নির্দিষ্ট কিছু পেইজ মাঝেমাঝে লোড হলেও বিবিসি সেবার সিংহভাগই রয়েছে অফলাইনে।
বিবিসির ‘অনলাইন ভিডিও অন ডিমান্ড’ আইপ্লেয়ারও যান্ত্রিক জটিলতার মুখে পড়েছে বলে জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম।
টুইটারে বিবিসি অ্যাক্সেস করতে পারছেন না বলে জানান সংবাদমাধ্যমটির নিজস্ব কর্মী রোরি সিলান-জোনসও। “আমি অফিসে যাবার পথে টিউব ট্রেইনে আছি আর এর মধ্যেই বিবিসির ওয়েবসাইট নিয়ে জটিলতার অভিযোগ পাচ্ছি।”--টুইট করে জানান তিনি।
