অকুলাস রিফটের সঙ্গে ‘লাকি’স টেল’
বহুল আলোচিত ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট অকুলাস রিফট ২০১৬ সালেই বাজারে আসবে এটা নিশ্চিত। তবে উন্মোচনের সঠিক দিনটি এখনও জানাননি এর নির্মাতা। এর মধ্যেই আগ্রহী ক্রেতাদের জন্য নতুন খবর, ‘ফ্রি থ্রিডি গেইম’ থাকবে রিফটের সঙ্গে।
সব বয়সের গেইমাররাই নাকি খেলতে পারবেন ‘লাকিস টেল’। আর সবগুলো অকুলাস রিফট হেডসেটের সঙ্গেই নাকি থাকবে ফ্রি গেইমটি।
লক্ষণীয় বিষয় হল, অকুলাস রিফটে গেইমটি খেলতে হবে ‘থার্ড-পার্সন’ বাস্তবতা থেকে, যেখানে ভিআর হেডসেট প্রযুক্তির শুরু থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘ফার্স্ট পার্সন এক্সপেরিয়েনন্স’। তবে ভিআর প্রযুক্তি কী ভাবে প্রচলিত গেইমিংয়ের অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে; গেইমারদের সেটা উপলব্ধি করাতে অকুলাসের এই সিদ্ধান্ত কার্যকর একটি কৌশল হতে পারে বলে মন্তব্য করেছে ওয়্যার্ড ডটকম।
‘লাকিস টেল’ গেইমটি বানিয়েছে ‘প্লেফুল’ নামের একটি প্রতিষ্ঠান। অকুলাস রিফটের শুরুর দিককার বিনিয়োগকারীদের একজন পল বেটনারের প্রতিষ্ঠান এটি। গেইমটি খেলতে হবে লাকি নামের এক শেয়ালছানার চরিত্র নিয়ে। সমাধান করতে হবে বিভিন্ন পাজলের। আর ভিআর হেডসেটের বদৌলতে লাকির চারপাশের ‘কমপ্লিট ভিউ’ থাকবে গেইমারের দৃষ্টি সীমার মধ্যে, প্রচলিত থ্রিডি প্রযুক্তিতে যা সম্ভব ছিল না।
লাকিস টেল গেইমারদের নিরাশ করবে না বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম। ই৩ কনফারেন্সে গেইমটি অকুলাস রিফটের ডেভেলপার কিটের মাধ্যমে খেলার সুযোগ পেয়েছিলেন সাইটটির প্রতিবেদকরা। সব মিলিয়ে ইতিবাচক অভিজ্ঞতাই হয়েছিল তাদের।
২০১৬ সালের প্রথম প্রান্তিকে বাজারে আসার কথা রয়েছে অকুলাস রিফট হেডসেটের। তবে এর উন্মোচনের দিন আর বিক্রয় মূল্য এখনও নির্দিষ্ট করে জানাননি নির্মাতারা।
