আইফোনের ডিসপ্লে বানাবে এলজি-স্যামসাং
আইফোন-এর জন্য মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-কে অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওলইডি) স্ক্রিন সরবরাহ করবে দুই দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং ও এলজির ডিসপ্লে নির্মাণ বিভাগ।
অ্যাপল খুব শিগগিরই নিজেদের স্মার্টফোনে নতুন প্রজন্মের ওএলইডি ডিসপ্লে ব্যবহার শুরু করবে, প্রযুক্তিপণ্যের বাজারে এমন গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে ২০১৮ সালেই অ্যাপল নিজ পণ্যে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা শুরু করবে বলে নভেম্বর মাসে জানিয়েছিল ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানিজ দৈনিক নিককেই।
আইফোন নির্মাণে অ্যাপল এতদিন যে এলসিডি স্ক্রিন ব্যবহার করেছে তার চেয়ে ওলইডি স্ক্রিনগুলো তুলনামূলক পাতলা। আর এলসিডির তুলনায় ওএলইডি স্ক্রিনের ছবির গুণগত মানও ভাল।
ইলেকট্রনিক টাইমস-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে ওএলইডি স্ক্রিন সরবরাহের জন্য অ্যাপল-এর সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পাদনের কাজ প্রায় শেষ করে এনেছে এলজি ও স্যামসাং। অ্যাপলের চাহিদা মতো ওএলইডি ডিসপ্লে সরবরাহের জন্য আগামী দুই থেকে তিন বছরের মধ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি ১,২৮০ কোটি ডলার বিনিয়োগ করবে।
দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় তহবিলের আংশিক জোগান দিয়ে অ্যাপল সহযোগিতার হাত বাড়াবে বলে জানিয়েছে রয়টার্স।
এ প্রসঙ্গে কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি এলজি ও স্যামসাং। অন্যদিকে অ্যাপল-এর কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
