নতুন বছরে হালকা ও সস্তা এক্সবক্স
গেইমিং কনসোলের বাজারে ২০১৬ ‘এক্সবক্স ওয়ান’-এর জন্য বড় একটা বছর হবে--মাইক্রোসফট এমন ঘোষণা দিয়েছে বছর শেষ হওয়ার আগেই। এর মধ্যেই মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির গেইমিং কনসোল নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলা হচ্ছে ‘এক্সবক্স ওয়ান’-এর আরও হালকা আর কম দামের নতুন একটি সংস্করণ আসতে পারে ২০১৬ সালে।
মাইক্রোসফটের আভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এক্সবক্স ওয়ান-এর নতুন মডেল নিয়ে আলোচনার খবর জানিয়েছেন মাইক্রোসফট ব্লগার ব্র্যাড স্যামস। “আমি আভ্যন্তরীণ সূত্রের কাছ থেকে শুনেছি যে মাইক্রোসফট এক্সবক্স ওয়ান-এর একটি হালকা সংস্করণ নির্মাণের পরিকল্পনা বিবেচনা করে দেখছে। যেটা শুধু উইন্ডোজ স্টোর গেইমসের জন্য হবে এবং অ্যাপল টিভির বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবে। আর ওই পরিকল্পনা বাতিল করা হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
২০১৩ সালে এক্সবক্স ওয়ান উন্মোচনের সময়ও একই রকমের গুজব শোনা গিয়েছিল বলে জানিয়েছে গেইমস্পট ডটকম। স্যামস জানিয়েছেন, সেবার দ্বিতীয় সংস্করণ নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছিল মাইক্রোসফট। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হলেও নতুন কনসোলটি মাইক্রোসফট ২০১৬ সালের দ্বিতীয়ার্ধের আগে উন্মোচন করবে না বলে মন্তব্য করেছেন তিনি।
বর্তমানে এক্সবক্স ওয়ান-এর সর্বনিম্ন বাজারমূল্য ৩৫০ ডলার। তবে নতুন মডেলটির দাম ‘আরও অনেক কম’ হবে বলে জানিয়েছেন তিনি।
চলতি গুঞ্জনের পেছনে কোনো বাস্তব প্রমাণ এখনও মেলেনি। “আমরা গুজব নিয়ে প্রতিক্রিয়া জানাই না।”--মন্তব্য করেছেন এক মাইক্রোসফট মুখপাত্র।
অগাস্ট মাসে প্রায় একই রকমের গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছিল এক চায়নিজ ব্লগে। সেবার মাইক্রোসফটের এক্সবক্স প্রধান ফিল স্পেন্সার ওই গুজব ‘সত্যি নয়’ বলে নাকচ করে দিলেও, ভবিষ্যতে এক্সবক্স ওয়ান-এর নতুন সংস্করণ নির্মাণের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি।
গেইমিং কনসোলগুলো রিডিজাইন করার ‘পুরনো অভ্যাস’ আছে মাইক্রোসফটের। এক্সবক্স ওয়ানের আগের সংস্করণ এক্সবক্স ৩৬০-এর ডিজাইনে পরিবর্তন এনে ২০০৭ এবং ২০১০ সালে দুটি সংস্করণ বাজারজাত করেছিল প্রতিষ্ঠানটি।
