২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর গেইম কনসোল লাইফ সাপোর্টে!

প্রিয়জনকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে দিনের পর দিন লাইফ সাপোর্টে রাখার ঘটনা শোনা যায় প্রায়ই। কিন্তু সেইভ করা গেইমের ডেটা রক্ষা করার জন্য পুরো কনসোল ‘লাইফ সাপোর্টে’; তাও আবার টানা ২০ বছর! এমন ঘটনা বিরলই বটে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

২০ বছর ধরে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে রেখে গেইমের ডেটা সেইভ করে রাখার এই বিরল ঘটনা ঘটিয়েছেন এক জাপানিজ গেইমার। আসল নাম জানা যায়নি তার, পরিচিতি পাচ্ছেন টুইটার আইডি ‘ওয়ানিকুন’ দিয়ে। নিজের সুপার নিনটেনডো কনসোলে ‘উমিহারা কাওয়াসে’ গেইমটির ডেটা সেইভ রাখার জন্য কনসোলটি চালু করে চার্জে দিয়ে রেখেছেন ১৯৯৪ সাল থেকে।

গেইমিংবিষয়ক সাইট আইজিএন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৯০ এর দশকের গেইমিং কার্ট্রিজগুলোর অনেকগুলোতেই আলাদা স্ট্যাটিক র‌্যাম আর লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতো। গেইমের ডেটা সেইভ থাকতো ব্যাটারির চার্জ থাকা পর্যন্ত। ওয়ানিকুনের গেইম কার্ট্রিজের ব্যাটারি ধীরে ধীরে চার্জ ধরে রাখার ক্ষমতা হারাতে থাকায় তিনি কনসোলটি চালু করে চার্জে দিয়ে রাখা শুরু করেন। আর এভাবেই পার হয়ে গেছে টানা ২০ বছর।

ওয়ানিকুন গত দুই দশকে তার সুপার নিনটেন্ডো কনসোল আনপ্লাগ করতে বাধ্য হয়েছিলেন একবারই, বাড়ি পরিবর্তনের জন্য। সেবার ভাগ্য ভাল, আন-প্লাগ অবস্থাতেও টিকে ছিল তার গেইম কার্ট্রিজের ব্যাটারি। বেঁচে যায় তার সাধের গেইম ডেটা।

ওয়ানিকুনের ধারণা ২০ বছরে কম করে হলেও ১ লাখ ৮০ হাজার ঘন্টা ধরে চালু রেখেছেন তার গেইমিং কনসোল। বন্ধ হয়ে গেলে তার সাধের গেইম ডেটার সব হারিয়ে যাবে সেই আশঙ্কাতেই থাকেন তিনি।