পিএস৪: ঘটনাবহুল বছর হবে ২০১৬
প্লেস্টেশন ভিআর আর একাধিক বহুপ্রতিক্ষিত গেইমের বদৌলতে প্লেস্টেশন ৪ কনসোলের গেইমারদের জন্য ২০১৬ ঘটনাবহুল একটা বছর হবে বলে মন্তব্য করেছেন সনির ওয়ার্ল্ডওয়াইড স্টুডিও ফর সনি স্টুডিও কম্পিউটার এন্টারটেইনমেন্ট প্রেসিডেন্ট শুহেই ইওশিদা।
“২০১৬ সালে পিএস৪-এর জন্য অনেকগুলো বড় গেইম মুক্তি পাবে। এ বছরেই অভিষেক হবে বহপ্রতিক্ষিত প্লেস্টেশন ভিআর-এর। যারা এখনও পিএস৪ কিনবেন কি না ভাবছেন, এ বছর তাদের মনে হবে যে ‘প্লেস্টেশন ৪ থাকায় আসলে ভালই হয়েছে’।” —বলেন ইওশিদা।
গেইমিংবিষয়ক সাইট গেইমস্পট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা পিএস৪ গেইমগুলোর মধ্যে আছে, স্ট্রিট ফাইটার ফাইভ, আনচার্টেড ৪: এ থিফস এন্ড, হরাইজন: জিরো ডন, গ্র্যান টুরিসমো স্পোর্ট এবং দ্য লাস্ট গার্ডিয়ান। কনসোলটির জন্য আগামী বছর যে মাল্টিপ্লাটফর্ম গেইমগুলো আসছে সেই তালিকা আরও বড়।
২০১৫ সালের বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে প্লেস্টেশন ৪-এর জন্য সনির তৈরি নিজস্ব গেইমগুলোর সংখ্যা তুলনামূলক কম বলে স্বীকার করে নিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। নিজস্ব গেইমের সংখ্যা কম হওয়ার কারণেই সনি ২০১৫ সালে ‘থার্ড-পার্টি ডেভেলপারদের’ উপর বেশি নির্ভর করেছে বলে চলতি মাসেই স্বীকার করে নিয়েছিলেন সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট পরিচালক মাইকেল এফরাইম।
গেইমিং কনসোল বাজারের সেরা হিসেবে ২০১৬ শুরু করবে সনিরপ্লেস্টেশন ৪। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩ কোটি ইউনিট প্লেস্টেশন ৪ বিক্রি করেছে সনি। অন্যদিকে ২০১৬ এক্সবক্স কনসোলের জন্যেও গুরুত্বপূর্ণ একটি বছর হবে বলে দাবি করছে গেইমিং কনসোলের বাজারে সনির শীর্ষ প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট।
