২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা

২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক। ফেইসবুক সেই সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন রেখেছিল বলে মার্কিন আদালতে অভিযোগ করেছিলেন বিনিয়োগকারীরা। এবার সেই মামলা করতে বিনিয়োগকারীদের দলগতভাবে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন আদালত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:11 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

রয়টার্স জানিয়েছে, বিনিয়োগকারীরা আলাদাভাবে তাদের দাবি-দাওয়া উত্থাপন করতে পারতেন বলে পাল্টা আবেদন করেছিল ফেইসবুক। তবে ফেইসবুকের সেই দাবি গ্রহন করেনি মার্কিন আদালত।   

এমন সিদ্ধান্তে ফেইসবুক হতাশ বলে জানিয়েছে বিবিসি। এর বিরুদ্ধে আপিলও করেছে করেছে প্রতিষ্ঠানটি।

২০১২ সালের মে মাসে আইপিও থেকে ১৬০০ কোটি ডলার সংগ্রহ করে ফেইসবুক। বিনিয়োগকারীদের দাবি, ওই সময়ে বাড়তি দামে শেয়ার কিনে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। সে বছর ১৮ মে নিউ ইয়র্কে শেয়ার প্রতি ৩৮ ডলার মূল্যে যাত্রা শুরু করে ফেইসবুক। কিন্তু ৪ সেপ্টেম্বর তা প্রায় অর্ধেক কমে ১৭.৫৫ ডলারে গিয়ে নামে। এক বছরেরও বেশি সময় শেয়ারের দাম আইপিও-এর থেকে কম ছিল। কিন্তু চলতি সপ্তাহের মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ার বাজারে ১০৭.২৬ ডলার দামে লেনদেন হয়েছে ফেইসবুকের শেয়ার।

চলতি বছর ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ রবার্ট সুইট এ মামলা গ্রহণ করেন। কিন্তু বিষয়টি মঙ্গলবার প্রকাশ করা হয় বলে জানিয়েছেন রয়টার্স।

অন্যদিকে ফেইসবুক দাবি করছে, কোনো ‘দোষগুণ বিচার ছাড়াই’ ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বিশ্বাস করে। ‘সুপ্রিম কোর্ট আর সেকেন্ড সার্কিট ল’-এর সঙ্গে এটি সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।