হার মানলো ‘সাইডকার’
তিন বছর চেষ্টার পরও বাজারে সুবিধা করতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অনলাইন পরিবহন সেবাদাতা ‘সাইডকার’। উবার এবং লিফট-এর মতো প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে যাত্রা শুরু করলেও ওই দুই প্রতিষ্ঠানের মতো পরিচিতি পায়নি ২০১২ সালে কাজ শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর নিজ সেবার ইতি টানবে সাইডকার।
এ প্রসঙ্গে সাইডকার-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুনিল পল মঙ্গলবার এক মিডিয়াম পোস্ট-এ ঘোষণা দেন, ২০১৫ সালের ডিসেম্বরের ৩১ তারিখে স্থানীয় সময় দুপুর ২টা থেকে সব সেবা বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি।
২০১২ সালে সাড়ে তিন কোটি ডলার পুঁজি নিয়ে স্টার্টআপ হিসেবে যাত্রা শুরু করেছিল সাইডকার। তেমন একটা পরিচিত না হলেও, অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাইডকার-কে শুরুর দিকের প্রতিষ্ঠান হিসেবেই ধরা হয়।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে পরিবহন সেবা দিলেও বাজারে উবার এবং লিফট-এর সঙ্গে প্রতিযোগিতায় ঠিক সুবিধা করে উঠতে পারছিল না সাইডকার। ব্যবসায়িক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে অনেক পেছনে ফেলে দিয়েছিল উবার। অন্যদিকে লিফটও দেশের বাইরে নিজ সেবা দেওয়ার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর সম্প্রতি প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছে সৌদি প্রিন্সের মালিকানাধীন কিংডম হোল্ডিং কোম্পানি। সে তুলনায় বলা চলে, প্রায় আগের অবস্থানেই রয়ে গিয়েছিল সাইডকার।
সাইডকার-এর দাবি, উবার-এর পরে বাজারে এলেও তারাই প্রকৃত ‘রাইড-শেয়ারিং’ ধারণার উদ্ভাবক। তারাই প্রথম বিষয়টিকে স্মার্টফোন অ্যপের মাধ্যমে সর্বসাধারণের জন্য নিয়ে আসার চিন্তা করেছিল, কারণ উবার-এর সেবা সে সময় শুধু ‘লিমোজিন’-এর জন্যই সীমাবদ্ধ ছিল।
সাম্প্রতিক পোস্টেও সে কথাই জানিয়েছেন পল। তবে বর্তমান ব্যবসার ইতি টানলেও একেবারে উধাও হয়ে যাচ্ছে না প্রতিষ্ঠানটি। পল-এর ভাষ্যে, এই সময়ে পরবর্তী ব্যবসার জন্য নতুন কৌশল-এর ব্যাপারে চিন্তা করবেন তারা।
