হতাশার কারণ খুঁজতে স্মার্টফোনের ডেটা
স্মার্টফোনের ডেটা মানব চরিত্র নির্ধারণে সহায়তা করে। কিছু স্বেচ্ছাসেবকের স্মার্টফোন থেকে ডেটা সংগ্রহ করে চালানো এক গবেষণায় এমন তথ্য দিয়েছেন গবেষকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম-এর ফানি সাপেলি ও তার সহকর্মী আর ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মাইক্রো মুসোলেসি মানুষের হতাশা বাড়ার কারণ খুঁজতে অংশগ্রহনকারীদের স্মার্টফোনের ডেটা নিয়ে এ গবেষণা আরম্ভ করেন। তারা ব্যবহারীর স্মার্টফোনে থাকা তথ্যগুলো সংগ্রহ করেন। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানুষের মানসিক চাপ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেন।
আগে স্মার্টফোনের ডেটা নিয়ে করা অধিকাংশ গবেষণাই কেবল স্মার্টফোনের বিভিন্ন রকম ফিচারের উপর জোর দিয়ে করা হতো। কিন্তু তা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য যথেষ্ট ছিল না। এ কারণে, গবেষকরা এর মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও ভালো থাকার কারণ শনাক্তের চেষ্টা করেন।
গবেষকরা যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের ‘স্টুডেন্টলাইফ’ নামের একটি গবেষণা প্রজেক্ট থেকে তথ্য সংগ্রহ করেন। এতে অংশগ্রহণকারীদের জিপিএস ডেটার মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করা হয়। এই ডেটা তারা কাজ করছেন নাকি সামাজিক কিছু করছেন তা জানতে সহায়তা করে। এ ছাড়াও তাদের অন্যান্য কাজ যেমন- হাঁটা, দৌড়ানো বা ঘুরাঘুরি করার ডেটা নিয়েও কাজ করা হয়েছে।
এসব ডেটা নিয়ে গবেষণা করে দেখা গেছে, বাড়ির বাইরে এবং কর্মক্ষেত্রে থাকলে স্বেচ্ছাসেবকদের মানসিক চাপের উপর একটা ইতিবাচক প্রভাব দেখা যায়।
অন্যদিকে, কাজের সময় কমানো হলেও মানসিক চাপ ততটা কমেনা। এই গবেষণা ভবিষ্যতে আরও বেশি কিছু জানতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
