উঠে দাঁড়ানোর চেষ্টায় তোশিবা
সবে ১৩০ কোটি মার্কিন ডলার হিসাব জালিয়াতির রেশ কাটিয়ে উঠেছে জাপানিজ ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা। এবার নতুনভাবে প্রতিষ্ঠান সাজাতে জানুয়ারির শেষ নাগাদ ২৪৯ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করার ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, এবার নতুন কমিটমেন্ট লাইনে ঋণদাতাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে মিজুহো ব্যাংক এবং সামিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশনসহ বিভিন্ন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটি ঋণ সহায়তা চাইবে বলে দেশটির ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক নিককেই-এর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
কমিটমেন্ট লাইন হচ্ছে একটি ফি, যা অব্যবহৃত ঋণের জন্য ঋণগ্রহীতা ঋণদাতাকে পরিশোধ করে থাকে।
চলতি বছর সেপ্টেম্বরে ৪০ হাজার কোটি ইয়েন কমিটমেন্ট লাইন নিরাপদ করার পর এই পদক্ষেপ নিল তোশিবা। আর এর মাধ্যমে ২০০৯ সালের কেলেঙ্কারি থেকে মুক্তির পথ খুঁজছে প্রতিষ্ঠানটি।
ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান মুডি’স সম্প্রতি তোশিবার ‘ডেব্ট রেটিং’ নামিয়ে ‘জাঙ্ক’ স্ট্যাটাসে নিয়ে এসেছে। এছাড়া টোকিও স্টক এক্সচেঞ্জে এই প্রতিষ্ঠানের সব স্টক ‘বিশেষ নজরদারীতে’ রাখা হয়েছে। এমন সব পদক্ষেপের মুখে তহবিল সংগ্রহে সমস্যায় পড়েছে তোশিবা।
চলতি সপ্তাহের আগের সপ্তাহেই ইলেকট্রনিক পণ্য খাতে ৬৮০০ জন কর্মী ছাঁটাই করেছে তোশিবা, এ নিয়ে মোট ১০ হাজার কর্মী ছাঁটাই করলো প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার ১.২ শতাংশ বৃদ্ধি পায়।
