২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ‘হেলথ চিপ’ আনছে স্যামসাং

পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ চিপ তৈরি করছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। ‘স্যামসাং বায়ো প্রসেসর’ নামের নতুন এই চিপটি আরও উন্নত পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরি করতে সহায়তা করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা ও ‘ফিটনেস ট্র্যাকিং’-এর জন্য যারা বিভিন্ন পরিধেয় প্রযুক্তিপণ্য ব্যবহার করে থাকেন, মূলত তাদের জন্যই এই চিপ তৈরি করছে স্যামসাং।

নতুন এই বায়ো-প্রসেসর চিপটি বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই মাইক্রোকন্ট্রোলার ইউনিট, ডিজিটাল সিগনাল প্রসেসর, ইফ্ল্যাশ মেমোরি এবং অ্যানালগ ফ্রন্ট এন্ড-এর সহায়তায় একত্রে কাজ করতে পারবে বলে জানিয়েছে এনগ্যাজেট। নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাষ্যে, এটিই প্রথম হেলথ চিপ যা একসঙ্গে এত কাজ করতে সক্ষম।    

নতুন এই চিপটি একই সঙ্গে হৃদপিণ্ডের কার্যক্ষমতা, শরীরের তাপমাত্রা পরিমাপ ইত্যাদি কাজ করতে পারবে। অন্যদিকে স্যামসাং-এর সর্বশেষ স্মার্টওয়াচ গিয়ার এস২ এবং অ্যাপলওয়াচ শুধু হৃদস্পন্দন পরিমাপ করতে সক্ষম। 

নতুন এই চিপটির জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। ইতোমধ্যেই এই চিপ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকে স্যামসাং নির্মিত নতুন এই চিপটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে এনগ্যাজেট। এ ছাড়া স্যামসাং স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণেও এই চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সাইটটি।