২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় ওএস-এর আড়ালে গুপ্তচরবৃত্তি

উত্তর কোরিয়ার কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘রেড স্টার ওএস’ বিশ্লেষণ করে গুপ্তচরভিত্তিক টুল পেয়েছেন গবেষকরা। ওই টুল-এর সহায়তায় অফলাইনেও ব্যবহারকারীর নথিপত্র ট্র্যাক করা সম্ভব। উত্তর কোরিয়ার কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম নিয়ে এবারই প্রথম কোনো গবেষণা করা হল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:44 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ‘রেড স্টার ওএস নিয়ে’ এ গবেষণাটি করেছেন ফ্লোরিয়ান গ্রানাউ এবং নিকোলাউস শিজ নামের দুইজন জার্মান গবেষক। গবেষণায় বের হয়ে আসা তথ্যগুলো রোববার ‘কেওস কমিউনিকেশন কনগ্রেস’-এ উপস্থাপন করেছেন তারা।

গবেষণার জন্য গ্রানাউ ও শিজ বেছে নিয়েছিলেন বছরখানেক আগে অনলাইনে আসা ‘রেড স্টার ওএস’-এর ৩.০ সংস্করণটি। গবেষণার ফলাফল থেকে জানা গেছে, রেড স্টার ওএস-এর কোডের সঙ্গে অ্যাপল ওএস এক্স-এর কোডের যথেষ্ট মিল রয়েছে। ওএসটির মধ্যে বেশ কিছু লুকানো ফিচার রয়েছে। রেড স্টার ওএস চালিত কম্পিউটারে ইউএসবি বা অন্য কোনো স্টোরেজ ডিভাইস প্রবেশ করানো মাত্র লুকানো ওই ফিচারগুলো ডিভাইস ও নথিতে ‘জলছাপ’ দিয়ে দিতে পারবে এবং ওই নথিটি কোন কম্পিউটার থেকে এসেছে সেটিও বের করা সম্ভব হবে। এ ছাড়াও রেড স্টার অপারেটিং সিস্টেমের মাধ্যমে চাইলে কোনো অনুমতি ছাড়াই ফাইল মুছে দিতে পারবে উত্তর কোরিয়া সরকার।

জলছাপ প্রসঙ্গে গ্রানাউ জানিয়েছেন, জলছাপ ফাংশনের মূল কাজটিই হচ্ছে অফলাইনে থাকা অবস্থায় নাগরিকরা বিদেশী চলচ্চিত্র, মিউজিক বা অন্য কোনো নথি কোথায় এবং কার সঙ্গে শেয়ার করা হচ্ছে তা চিহ্নিত করা। একবার জলছাপ দেওয়া কোনো ফাইল অন্য কোনো রেড স্টার ওএস চালিত মেশিনে খুললেই লুকানো ফিচারগুলোর সাহায্যে সরকার জানতে পারে ওই ফাইলটি কোথায় রয়েছে।                 

কোনো কম্পিউটার ব্যবহারকারী ‍যদি রেড স্টার ওএস-এ অ্যান্টিভাইরাস ডিসঅ্যাবল বা ইন্টারনেট ফায়ারওয়াল-এ কোনো পরিবর্তন করতে চান, তাহলেও তাকে বাঁধার সম্মুখীন হতে হয় বলেই জানিয়েছে বিবিসি। কারণ এরকম কিছু করতে গেলেই সিস্টেম রিবুট করতে বলা হয় বলে জানিয়েছেন গ্রানাউ।

এ প্রসঙ্গে গ্রানাউ জানিয়েছেন, সিস্টেমটির কোডাররা মৌলিক ডিজাইন ও ফাংশনালিটি ক্ষেত্রে বেশ ভালোভাবেই অ্যাপল কম্পিউটারকে অনুকরণ করেছেন, তবে একটু ‘পরিবর্তন’ রেখে দিয়েছেন।