যুক্তরাষ্ট্রে ভোটার ডেটাবেইজ ফাঁস
২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের জন্য ভোটার তালিকায় নিবন্ধিত ভোটারদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছেন এক গবেষক।
ভুল কনফিগারেশনের কারণে ১৯ কোটি ১০ লাখ ভোটারের তথ্যসমৃদ্ধ ডেটাবেইজ ফাঁস হয়েছে বলে জানিয়েছেন ক্রিস ভিকেরি নামের এক মার্কিন কম্পিউটার নিরাপত্তা গবেষক। এই ডেটাবেইসে ওয়াশিংটন ছাড়াও যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ভোটারদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, সমর্থিত রাজনৈতিক দল ও ইমেইল অন্তর্ভূক্ত ছিল বলে জানিয়েছেন তিনি।
ডেটা চুরির বিষয়ে সতর্কতা বাড়ানোর লক্ষ্যে ওয়েবে ছড়িয়ে পড়া বা ফাঁস হওয়া তথ্যের খোঁজ করতে গিয়ে বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন তিনি। এই ডেটাবেইজ কেউ ডাউনলোড করতে চাইলে প্রায় একদিন সময় লাগতে পারে। তবে, এখন পর্যন্ত কেউ তা অ্যাকসেস করেছেন কিনা সেই বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন ভিকেরি।
সাধারণত ভোটারদের ডেটা জনগণের তথ্য হিসেবে বিবেচিত হয় আর সব মার্কিন ভোটারকে নিয়ে এমন একটি ডেটাবেইজ বানানো ব্যয়বহুল আর সময়সাপেক্ষ। যুক্তরাষ্ট্রের ভোটারদের এই ডেটা সংরক্ষণ অপরাধীদের খুঁজতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠবে বলে মনে করে রয়টার্স।
ভিকারি বলেন, "ভীতিকর বিষয় হচ্ছে অনেক বেশি তথ্য একত্রিত করা।" তিনি জানান, এই ডেটাবেইজ কে নিয়ন্ত্রণ করেন তা এখনও তিনি শনাক্ত করতে পারেননি। কিন্তু তাকে খুঁজতে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন, যাতে তারা এটি প্রকাশ্য অবস্থান থেকে সরাতে পারে। সংস্থাগুলো শনাক্তকরণে রাজি হননি তিনি।
দেশটির তদন্তুকারী সংস্থা ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশনের বা এফবিআইয়ের এক প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রচারণায় অর্থায়ন নিয়ন্ত্রণ করে দেশটির ফেডারেল ইলেকশন কমিশন। ভোটারদের তথ্য সংরক্ষণে এ সংস্থা কোনো আইনগত অধিকার রাখে না বলে জানিয়েছেন সংস্থাটির একজন প্রতিনিধি।
ভোটারদের ডেটা সংরক্ষণের নীতিমালা দেশটির অঙ্গরাজ্যভেদে ভিন্ন, কোনো কোনো অঙ্গরাজ্যে আবার এ নিয়ে কোনো নীতিমালাও নেই।
ওয়াশিংটনভিত্তিক সেন্টার অফ ডিজিটাল ডেমোক্রেসি-এর নির্বাহী পরিচালক জেফ চেস্টার বলেন, “নাগরিকদের রাজনৈতিক তথ্য যাতে প্রাইভেট ও নিরাপদ রাখা যায়, সেজন্য প্রাইভেসি নীতিমালা প্রয়োজন।”
এই তথ্য ফাঁস নিয়ে প্রথম প্রতিবেদন করা প্রতিষ্ঠান সিএসও অনলাইন জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য হয়তোবা নির্বাচনে প্রচারণায় ব্যবহৃত সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নেশনবিল্ডারের কাছ থেকে এসেছে। এক্ষেত্রে ফাঁস হওয়া ডেটার কোডের সঙ্গে এই প্রতিষ্ঠানের কোডের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে সিএসও অনলাইন।
অন্যদিকে, নেশনবিল্ডার-এর প্রধান নির্বাহী জিম গিলিয়াম জানান, তার প্রতিষ্ঠান এই ডেটাবেইজ বানায়নি, কিন্তু রাজনৈতিক প্রচারণায় তাদের পক্ষ থেকে সরবরাহ করা তথ্য থেকে কিছু তথ্য আসতে পারে।
