সন্ত্রাসবিরোধী ‘বিতর্কিত’ আইন করল চীন
ডিসেম্বরের ২৭ তারিখ বিতর্কিত ও আলোচিত নতুন সন্ত্রাসবিরোধী আইন পাশ করেছে চীন। আইনটির বদৌলতে দেশটি এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এনক্রিপ্টেড তথ্য ডিক্রিপ্ট করাতে বাধ্য করতে পারবে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের তথ্য ডিক্রিপ্ট করে দিতে হলেও, সরকারের জন্য নিজ সেবার কোনো ‘ব্যাকডোর’ তৈরি করে দিতে হবে না। ব্যাকডোর না তৈরির বিষয়টি আগে থেকেই পরিকল্পনায় ছিল।
চীনের কর্মকর্তারা জানান, তাদের দেশে উগ্রপন্থী, বিচ্ছিন্নতাবাদীদের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে জিনজিয়াং-এর পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে এ ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক বছরে ওই অঞ্চলটিতে সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন বলেও জানান কর্মকর্তারা। এরকম ঝুঁকি প্রতিরোধেই নতুন এই আইনটি পাশ করা হয়েছে।
অন্যদিকে আইনটির মাধ্যমে জনসাধারণের গোপনীয়তার অধিকার ও মানবাধিকার লংঘিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি আইনটির সাইবার নীতিমালা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
আইনটির খসড়া নীতিমালায় লেখা হয়েছিল যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজ সার্ভার এবং ব্যবহারকারী ডেটা চীনেই রাখতে হবে। কিন্তু পাশ হওয়া আইনে বিষয়টি নেই বলে জানিয়েছে রয়টার্স। তবে আইন প্রয়োগকারী সংস্থা চাইলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজ ব্যবহারকারীদের ডেটা হস্তান্তর করতে হবে এবং প্রয়োজনে হস্তান্তর করা ডেটা ডিক্রিপ্ট করতে সাহায্য করতে হবে।
এ প্রসঙ্গে দেশটির সংসদ-এর অপরাধ আইন বিভাগের উপপ্রধান ও আইন প্রণয়নকারী কমিটির লি শোউয়েই জানান, চীন ঠিক সে কাজটিই করেছে যা বিভিন্ন পশ্চিমা দেশগুলো নিরাপত্তার স্বার্থে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে করতে বলছে। শোউয়েই আরও বলেন, “সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আসলে যা করা প্রয়োজন এই আইনের নীতিমালাগুলো ঠিক সেটাই করবে এবং বিশ্বের অন্যান্য প্রধান দেশগুলোও একই পদক্ষেপ নিচ্ছে।” এটি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে না এবং প্রতিষ্ঠানগুলোকে ‘ব্যাকডোর’ ইনস্টল করতেও বাধ্য করবে না বা এতে তাদের মেধাস্বত্ত্বাধিকার হারানোরও কোনো ভয় নেই বলেও জানান তিনি।
নতুন আইন যে শুধু প্রযুক্তি ক্ষেত্রে প্রভাব ফেলেছে তা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড দেখানোর ব্যাপারে গন্যমাধ্যমের গণ্ডিও সীমাবদ্ধ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
