২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি ঠেকাতে মাঠে নেমেছে টুইটার

সাইটে ব্যবহারকারীদের হয়রানি থেকে রক্ষা করতে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর আগেও ‘ট্রল’ ও হয়রানি ঠেকানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল সামাজিক যোগাযোগভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

সামনে দশ বছরে পা রাখতে যাচ্ছে টুইটার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বলা চলে অনেকটা ওই উপলক্ষ্য কেন্দ্র করেই ব্যবহারকারীদের হয়রানির হাত থেকে বাঁচাতে নতুন কিছু ধারাবাহিক ব্যবস্থা নিজেদের সেবায় যোগ করেছে টুইটার।

সম্প্রতি এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন টুইটার-এর ইউরোপ প্রধান ব্রুস ডেইসলে। নতুন ওই ধারাবাহিক ব্যবস্থাগুলো টুইটার ব্যবহারকারীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। কারণ হিসেবে ডেইসলে জানান, নতুন যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলোতে ব্যবহারকারীদের নিরাপত্তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, তা সরাসরি খারাপ ব্যবহার কমানোর সঙ্গে সম্পর্কিত।”

অনলাইন হয়রানির কারণে অনেক হাই-প্রোফাইল টুইটার ব্যবহারকারীই সেবাটির ব্যবহার বন্ধ করে দিয়েছেন। বিবিসি জানিয়েছে, টুইটারে হয়রানি করে থাকেন এমন ব্যবহারকারীদের নতুন প্রক্রিয়ায় চিহ্নিত করে, তাদের ‘পরিচয়’ নিশ্চিত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। চিহ্নিত ওই ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার জন্য ‘ফোন ভেরিফিকেশন’ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডেইসলে বলেন, “এই প্রক্রিয়াটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই মানুষটি আসলেও রয়েছেন।”

‘ফোন ভেরিফিকেশন’ প্রক্রিয়ায় ব্যবহারকারীর ফোনে নাম্বারভিত্তিক কোড পাঠানো হয় এবং সাইটে লগইন করার জন্য ব্যবহারকারীকে প্রথমে ওই কোডটি টাইপ করতে হয়। এ ছাড়াও এভাবে এক ব্যবহারকারীর একাধিক টুইটার অ্যাকাউন্ট রয়েছে কিনা সে বিষয়টিও পরীক্ষা করে দেখতে পারছে টুইটার। যদি এক ব্যবহারকারীর একাধিক টুইটার অ্যাকাউন্ট পাওয়া যায়, তাহলে তাকে সেবাটি থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন ডেইসলে।

এ ছাড়াও ব্যবহারকারীদের ‘ট্রল’ ব্লক করার জন্য নতুন টুল দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনুরোধ জানানো হয়েছে, তারা যাদের ব্লক করেছেন সে তালিকাটি যাতে তারা টুইটার-এর সঙ্গে শেয়ার করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে টুইটারের সাবেক প্রধান নির্বাহী ডিক কস্টোলো জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি নিজ সেবায় হয়রানি ঠেকানোর ক্ষেত্রে ‘ব্যর্থ’।