২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ‘অ্যানোনিমাস’-এর হামলা

শুধু উগ্রপন্থী সংগঠন আইএস এর উপর নয়, সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তুরস্কের উপরও নাকি সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাস। সম্প্রতি তুরস্কের উপর টানা সাইবার হামলার দায় স্বীকার করে নিয়েছে সংগঠনটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, তুরস্কে চার লাখেরও বেশি ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে।

তুরস্কের উপর ওই সাইবার আক্রমণের দায় স্বীকার করার পাশপাশি কেন আক্রমণ চালানো হয়েছিল, সে বিষয়টিও পরিষ্কার করে দিয়েছে অ্যানোনিমাস। আইএস-এর জঙ্গী কর্মকাণ্ডের পরও দেশটির রাজনৈতিক পর্যায়ের নির্লিপ্ততার উত্তর দিতেই সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে হ্যাকারদের দলটি।

তুরস্কে অ্যানোনিমাসের চালানো ওই সাইবার হামলার কবলে পড়েছিল ব্যাংক থেকে শুরু করে দেশটির একাধিক সরকারি সাইট। এক কথায় বলা চলে, তুরস্কে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে হিসেবে ইন্টারনেটের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল অ্যানোনিমাস--মন্তব্য করেছে এনগ্যাজেট।

প্রযুক্তিবিষয়ক সাইটটি আরও জানিয়েছে, তুরস্কের বাইরে থেকে ‘সংগঠিত একটি গোষ্ঠী’ সাইবার হামলা চালাচ্ছে বলে দাবি করেছিলেন ভুক্তভোগী একটি সাইটের নিয়ন্ত্রকরা। তুরস্ক সরকার এ প্রসঙ্গে আুনষ্ঠানিক কোনো ঘোষণা বা স্বীকরোক্তি না দিয়ে, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে’ বলে দাবি করে আসছে।

গুলি করে রাশিয়ার বিমান ভূপাতিত করার ফলে টানা সাইবার হামলা চালিয়ে রাশিয়ার হ্যাকাররা পাল্টা আক্রমণ চালাচ্ছে, শোনা গেছে এমনটাও। তবে কারও দিকে সরাসরি সন্দেহের আঙুল তুলছে না তুরস্কের সরকার।

এখন অ্যানোনিমাস দায়ভার স্বীকার করে নেওয়ায় হামলাটির জন্য ঠিক কারা দায়ী, সে বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে এনগ্যাজেট।

উগ্রপন্থী সংগঠন আইএস-কে ইন্টারনেট থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়ে মাস কয়েক আগেই মাঠে নেমেছে অ্যানোনিমাস। তার পর থেকেই একের পর এক সাইবার হামলা চালাচ্ছে হ্যাকারদের দলটি। তবে বিলেতি দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, আইএস-এর বিরুদ্ধে তেমন একটা সুবিধা করতে পারছে না তারা।