২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্টের শীর্ষে ‘কিমোজি’

অ্যাপ হিসেবে রেটিং কম পেলেও অ্যাপ স্টোরের ‘টপ পেইড অ্যাপ’ তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে কিম কার্দাশিয়ান-এর নতুন ইমোজি অ্যাপ। কার্দাশিয়ানের নতুন ওই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘কিমোজি’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এক প্রতিবেদনে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সেলিব্রিটি-নিউজ সাইট টিএমজি দাবি করেছিল, প্রতি মিলিসেকেন্ডে ৯ হাজার বার করে ডাউনলোড রিকোয়েস্ট আসায়  অ্যাপলের অ্যাপ স্টোরও ক্র্যাশ করেছিল। এমনকি বিষয়টি নিয়ে কার্দাশিয়ান টুইট করে ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছিল টিএমজি। কিন্তু অ্যাপলের তরফ থেকে পরবর্তীতে জানানো হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। খবরটি ভিত্তিহীন।

অন্যদিকে ‘কিমোজি’ অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোরে খুব বেশিদিন হয়নি এসেছে। কিন্তু এর মধ্যেই অ্যাপটি একই সঙ্গে স্বল্প রেটিং ও সর্বাধিক ডাউনলোড-এর রেকর্ড গড়তে সক্ষম হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।

কিমোজি অ্যাপটিতে কিম কার্দাশিয়ান-এর কার্টুন চেহারাসহ সর্বমোট ২৫০টি ইমোজি রয়েছে। অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজেই যেকোনো সামাজিক মাধ্যমে ইমোজিগুলো শেয়ার করা সম্ভব হয় এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৪৯ পাউন্ড। অবিশ্বাস্য শোনালেও, অ্যাপটি যে শুধু ডাউনলোডের দিক থেকে এগিয়ে রয়েছে তা নয়, বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুটি দেশেই সবচেয়ে বেশি আয় করা অ্যাপ হিসেবেও জায়গা করে নিয়েছে ‘কিমোজি’।

অ্যাপ ডাউনলোডের দৌড়ে ফায়ার এজ, ক্যান্ডি ক্রাশ সাগা, গেইম অফ ওয়ার, ডেটিং অ্যাপ টিন্ডার-ইত্যাদিকে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রে পাঁচ তারার মধ্যে আড়াই তারা ও যুক্তরাজ্যে পাঁচ তারার মধ্যে দুই তারা রেটিং পাওয়া ‘কিমোজি’। দুটি দেশের অ্যাপ চার্টের মধ্যেই এখন শীর্ষ দশে রয়েছে অ্যাপটি।