২০১৬ সাল: অ্যাপল নাকি গুগলের?
লক্ষ কোটি ডলার দামের প্রতিষ্ঠান হওয়ার দৌড়ে ২০১৬ সালে কে এগিয়ে থাকবে অ্যাপল নাকি গুগল আর তার মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট?
চলতি বছরেই ব্যবসায়িক কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে গুগল। ওয়েবকেন্দ্রিক ব্যবসাগুলো আগের মতোই আছে গুগলের অধীনে। আর ‘গুগল এক্স’, চালকবিহীন স্বনিয়ন্ত্রিত গাড়িসহ সবগুলো ‘রিসার্চ অ্যান্ড্র ডেভেলপমেন্ট’ প্রকল্প নিয়ে মূল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড।
কিছুদিন আগ পর্যন্ত অনেক বিনিয়োগকারীই মনে করতেন এ দৌড়ে অ্যাপল এগিয়ে আছে। চলতি বছরের শুরতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৭৭ হাজার ৫শ কোটি ডলার ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সেই সময় গুগলের বাজারমূল্য ছিল ৩৬ হাজার ৬শ’ কোটি ডলার। পাঠকদের বুঝতে যেন সহজ হয় তাই এখানে গুগল বলতে মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের কথাই বলা হচ্ছে।
কিন্তু গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনগুলোর জনপ্রিয়তার কারণে আইফোন বিক্রির ধীরগতির ভয়ে সাম্প্রতিক মাসগুলোতে নামতে থাকে অ্যাপলের শেয়ারমূল্য।
এখন পর্যন্ত অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান। তবে, গুগলও খুব একটা পিছিয়ে নেই, একদম অ্যাপলের পেছনেই রয়েছেই এই ওয়েব জায়ান্ট। বর্তমানে অ্যাপলের বাজারমূল্য ৬০ হাজার ৫শ’ কোটি ডলার আর গুগলের ৫২ হাজার ৭শ’ কোটি ডলার।
৮ হাজার কোটি ডলারের এই পার্থক্য শুনতে বিশাল মনে হলেও, বাস্তবে আসলে তা নয়। অ্যাপলের বর্তমান মূল্য ছাড়াতে গুগলের মূল্য শুধু ১৫ শতাংশ বাড়ালেই হবে।
এই মূহুর্তে ব্যবসায় বেশ ভালো গতি পেয়েছে গুগল। চলতি বছর অ্যাপলের শেয়ারমূল্য যখন ২ শতাংশ নেমে গেছে তখন গুগল শেয়ারমূল্য বেড়েছে ৪৩ শতাংশ। আর গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে আয়ের পরিমাণও দিন দিন বাড়ছে।
অ্যাপলের তুলনায় গুগলের লাভের পরিমাণ অনেক দ্রুত বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ওয়াল স্ট্রিটের পূর্বাভাস মতে, বছরে শেয়ার প্রতি গুগলের লাভের পরিমাণ গড়ে ১৭ শতাংশ বাড়বে।
এইসব হিসাব দেখে তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে ২০১৬ সালে গুগল অ্যাপলকে ছাড়িয়ে যাবে।
যদি গুগলের শেয়ারের দাম ২৫ শতাংশ বাড়ে আর অ্যাপলের ক্ষেত্রে তা ৫ শতাংশ কমে যায়, তবে গুগলের বাজারদর অ্যাপলকে টপকে যাবে। এর ফলে, গুগলের বাজারদর হবে ৬৬ হাজার কোটি ডলার আর অ্যাপলের হবে ৬৩ হাজার ৫শ’ কোটি ডলার।
যদি প্রতিষ্ঠানদুটি চলতি বছরের মতোই ‘পারফর্ম’ করে, তবে ২০১৬ সালে গুগলের বাজারদর হবে ৭৫ হাজার কোটি ডলার আর অ্যাপলের বাজারদর হবে ৫৯ হাজার কোটি ডলার। সংখ্যাতত্ত্ব দেখেই বোঝা যাচ্ছে গুগল যদি ২০১৬ আর ২০১৭ সালে লাভের এমন উর্ধ্বগতি ধরে রাখে তবে তা অ্যাপলকে ছাড়িয়ে যাবে। তবে এটি গুগলের জন্য খুব একটা সহজ হবে না।
অন্যদিকে, ২০১৬ সালে প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলের বাজারমূল্য আরও বাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে বাজার করছেন বিশ্লেষকরা।
২০১৬ সালে হয়তবা দুই প্রতিষ্ঠানের কেউই ট্রিলিয়র ডলারের মাইলফলক ছুঁতে পারবে না, তবে আসছে বছরে দুই প্রযুক্তি জায়ান্টের প্রতিযোগিতা বিনোদনের যোগান দেবে বলে মন্তব্য করেছে সিএনএন।
