২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের প্রোগ্রামিংয়ে আনতে ‘গল্প’

গতানুগতিক পদ্ধতির বদলে ধারাবাহিক গল্পের মাধ্যমে শিশুদের প্রোগামিং শেখার ব্যাপারে উৎসাহিত করে তোলার পরিকল্পনা করেছে ব্রিটিশ প্রযুক্তি স্টার্টআপ ব্রাইট লিটল ল্যাবস। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টার-এর মাধ্যমে তহবিল সংগ্রহ করার চেষ্টা করছে স্টার্টআপটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এক প্রতিবেদনে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, কিকস্টার্টার-এর মাধ্যমে প্রকল্পটির জন্য সাড়ে ১২ হাজার পাউন্ড জোগাড়ের চেষ্টা চলছে।

তহবিল সংগ্রহে সফল হলে ব্রাইট লিটল ল্যাবস ওই অর্থ দিয়ে ৭-৯ বছর বয়সী শিশুদের জন্য ধারাবাহিক গল্পের বইয়ের প্রিন্ট ও ডিজিটাল কপি প্রকাশ করবে। ধারাবাহিক গল্পটির প্রধান চরিত্র হিসেবে উপস্থাপন করা হবে ডিটেকটিভ ডট-কে। গল্পে ডিটেকটিভ ডট ও তার পার্শ্ববর্তী বিভিন্ন চরিত্র শিশুদের প্রোগ্রামিং শেখায় আগ্রহী করে তোলার চেষ্টা করবে।

ব্রাইট লিটল ল্যাবস প্রতিষ্ঠা করেছেন সোফি ডিন। এর আগে ডিন প্রাথমিক-স্কুল শিক্ষকদের জন্য কম্পিউটার ট্রেইনিং প্রোগ্রাম পরিচালনা করতেন, শিক্ষকদের জন্য ওই কর্মসূচীটি আয়োজন করত যুক্তরাজ্যের প্রোগ্রামিং-ক্লাবের নেটওয়ার্ক ‘কোড ক্লাব’।

নিজেদের পরিকল্পনা ও শিশুদের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সোফি ডিন বলেন, “বর্তমানে শিশুদের যেসব কার্টুন রয়েছে তার মধ্যে শূণ্য শতাংশ রাজকন্যা প্রকৌশলী, ২.৯ শতাংশ চরিত্র কৃষ্ণ বর্ণের এবং ব্যাটম্যান রিসাইকল করে না। তারপরেও শিশুরা এ জিনিসগুলো দেখার জন্য প্রতিদিন স্ক্রিনের সামনে ৯ ঘন্টারও বেশি সময় ব্যয় করে থাকে। কে বানিয়েছে, কেন বানিয়েছে, কীভাবে বানিয়েছে তা জানা ছাড়াই আমরা অনেক কিছু কেনার জন্য মুখিয়ে থাকি। আর শিশুদের মিডিয়া ভয়াবহ আকারে বাঁধাধরা। শিশুরা, বিশেষ করে যারা মেয়ে এবং বয়সে ছোট, তাদের জন্য প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি এবং গণিতভিত্তিক ইতিবাচক চরিত্রের প্রয়োজন রয়েছে।”

ডিন-এর পরিকল্পিত শিক্ষণীয় ওই গল্পের প্রধান চরিত্র ডট ও তার সঙ্গী টাম্বল বিশ্বভ্রমণ করবে এবং মেমোরি চিপ থেকে শুরু করে ফুটবল কীভাবে তৈরি হয়, তা জানবে। পথে তারা যেসব সমস্যার সম্মুখীন হবে তা কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে সমাধান করবে। এভাবেই শিশুদের মধ্যে প্রোগ্রামিং-এর আগ্রহ জাগিয়ে তোলার চেষ্টা করবে ব্রাইট লিটল ল্যাবস।

এ বিষয়ে ডিন বলেন, “গল্পের মাধ্যমে শিশুরা নিজেদের একটি জগতে বাইরে উঁকি দিতে পারে, কিন্তু বর্তমানে এখন তাদের চিন্তাগুলো ধরা বাঁধা একটি গণ্ডির মধ্যে আটকে আছে। আমি বিষয়টির পরিবর্তন ঘটাতে চাচ্ছি।”