২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিফট’-এ সৌদি প্রিন্সের বিনিয়োগ

মাইক্রোব্লগিং সেবা টুইটার-এর পর এবার অনলাইন পরিবহন সেবাদাতা ‘লিফট’-এ বিনিয়োগ করেছেন সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। তার প্রতিষ্ঠান ‘কিংডম হোল্ডিং কোম্পানি’র ওই বিনিয়োগ সম্পর্কে বৃহস্পতিবার নিশ্চিত করেন সৌদি প্রিন্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ১০ কোটি ৪৯ লাখ ডলার বিনিয়োগ করে ‘লিফট’-এর ২.৩ শতাংশ শেয়ার এখন সৌদি প্রিন্সের কিংডম হোল্ডিং কোম্পানির আওতায় চলে এসেছে।

সৌদি প্রিন্সের এই সাম্প্রতিক বিনিয়োগের পর লিফট-এর বর্তমান মূল্য এখন আনুমানিক ৪৯২ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ভেতরে সেবা সীমাবদ্ধ থাকলেও, শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে সেবাদান শুরু করতে চাইছে লিফট। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন আগেই চীনের দিদি-কোয়াইদি, ভারতের ওলা, দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্র্যাবট্যাক্সি ইত্যাদি পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এসেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে লিফট-এর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী উবার ইতোমধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিশ্বের বিভিন্ন দেশের শহরে সেবা দিচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ মাসের শুরুতেই শত কোটি ডলারের শেয়ার বিক্রির জন্য প্রয়োজনীয় নথিপত্র দাখিল করেছে লিফট। এর ফলে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৫৭৫ কোটি ডলারে এসে দাঁড়াতে পারে বলে অনুমান করছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভিসি এক্সপার্টস।

অন্যদিকে লিফট বাদেও সৌদি প্রিন্সের বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানি স্বাস্থ্য, কৃষি, হোটেল ইত্যাদি খাতে আগে থেকেই বিনিয়োগ করে আসছে। এমনকি মাইক্রোব্লগিং সেবা টুইটার, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং ওয়াল স্ট্রিট জার্নাল-এর মূল প্রতিষ্ঠান ‘নিউজ কর্পোরেশন’-এ বিনিয়োগ করে রেখেছে প্রতিষ্ঠানটি।