মার্শমেলো আনছে শিয়াওমি
চীনের স্মার্টফোন নির্মাতা শিয়াওমির একাধিক স্মার্টফোন আসছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট। আপডেট প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত পরীক্ষামূলক ধাপে আছে এবং খুব শিগগিরই স্মার্টফোনগুলোতে যোগ হবে ওই আপডেট।
প্রযুক্তিবিষয়ক সাইট টেক২ জানিয়েছে, শিয়াওমি-এর মি ৩, মি ৪ আর মি নোটের জন্য আন্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই ওই আপডেট আনা হবে। মি ইউজার ইন্টারফেইস (ইউআই) ৭ আপডেটের সঙ্গে একই সময়ে বাজারে আসবে মার্শমেলো আপডেট।
এক প্রতিবেদনে চীনা প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোচায়না জানিয়েছে, “শিয়াওমি যখন তাদের নতুন মিইউআই ৭ রম উন্মোচন করে, নতুন আপডেট নিতে যাওয়া অধিকাংশ ডিভাইস ললিপপের বদলে অ্যান্ড্রয়েড ৪.৪-এ আটকে থাকবে জানতে পেরে অনেক ভক্তই হতাশ হয়েছিলেন। সেই সময় শিয়াওমির পক্ষ থেকে বলা হয়েছিল, সব ডিভাইসে মিইউআই ৭-এর ফিচার একই রকম হওয়ায় অ্যান্ড্রয়েড সংস্করণ নিয়ে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।”
চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে জানা যায়, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেটের ক্ষেত্রে মি ৪ আর মি নোট স্মার্টফোন প্রথমদিকের তালিকায় আছে বলে জানিয়েছিলেন মিইউআই-এর অপারেশন ম্যানেজার। সেই সঙ্গে ব্যবহারকারীরা খুব শিগগিরই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ পাবেন ও ইতোমধ্যে প্রতিষ্ঠানের বেটা সংস্করণ পরীক্ষাকারীদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২০১১ সালের অগাস্টে মি ১ স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে স্মার্টফোন বাজারে প্রবেশ করে শিয়াওমি।
