২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাটারি বানাচ্ছে সনি

গেল বছরগুলোতে যত দ্রুত স্মার্টফোন প্রযুক্তির অগ্রগতি হয়েছে সে তুলনায় উন্নতি হয়নি স্মার্টফোনের ব্যাটারি প্রযুক্তির। অধিকাংশ স্মার্টফোনের ক্ষেত্রেই একবার চার্জ দিয়ে সারাদিন চালানো মুশকিল হয়ে দাঁড়ায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

এই সমস্যা সমাধানের জন্য নতুন ধরনের ব্যাটারি বানানো হচ্ছে বলে ঘোষণা দিয়েছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। বর্তমান মডেলগুলোর তুলনায় ওই ব্যাটারি ৪০ শতাংশ বেশি ক্ষমতাধর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নতুন ওই ব্যাটারিতে ইলেকট্রোড উপাদান হিসেবে সালফার যৌগ ব্যবহার করা হবে। ফলে প্রচলিত ব্যাটারির তুলনায় ৪০ শতাংশ বেশি সময় ধরে স্মার্টফোনকে বিদ্যুৎ শক্তি যোগাবে ব্যাটারিগুলো। 

প্রথমে স্মার্টফোন ব্যাটারি হিসেবেই এটি বাজারে আনতে চায় এর নির্মাতারা। এজন্য ২০২০ সালে বাণিজ্যিকভাবে ওই ব্যাটারি বাজারজাত করার আশা করছে প্রতিষ্ঠানটি। সব স্মার্টফোনের জন্য এটি আনতে আরও কিছু সময় লাগবে বলে মনে করছে ইন্ডিপেনডেন্ট।

অন্যান্য হার্ডওয়্যারের তুলনায় ব্যাটারি প্রযুক্তির অগ্রগতি হচ্ছে অনেকটাই ধীরগতিতে। কিন্তু এ খাতে কিছু গুরুত্বপূর্ণ সাফল্যও এসেছে চলতি বছরে। নভেম্বরে চীনা ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েই নতুন একটি ব্যাটারি দেখিয়েছে, যা পাঁচ মিনিটে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ নিতে সক্ষম।