জনপ্রিয়তা হারাচ্ছে মেসেঞ্জার!
শীর্ষ অ্যাপগুলোর মধ্যে ফেইসবুক আর ইনস্টাগ্রাম এখনও আধিপত্য বজায় রাখলেও, যুক্তরাষ্ট্রের তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে মেসেঞ্জার আর স্ন্যাপচ্যাট, সাম্প্রতিক এক গবেষণায় এমনটা জানা গেছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে চাকরি খুঁজতে কলেজ শিক্ষার্থীদের সহায়তাকারী স্টার্ট-আপ ওয়েআপ সম্প্রতি ১ হাজার কলেজ শিক্ষার্থীর পছন্দের অ্যাপ নিয়ে জরিপ চালায়। জরিপে দেখা যায়, জনপ্রিয়তা কমার দিক থেকে ফেইসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট এবং ডিজিটাল ওয়ালেট ভেনমো শীর্ষে রয়েছে।
চলতি বছর মোবাইল অ্যাপের ক্ষেত্রে তরুণদের পছন্দ-অপছন্দের ব্যাপারে জানতে পাঁচবার ওই জরিপ চালানো হয়। গবেষণায় দেখা যায়, ফেইসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট আর ভেনমো-এর জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে।
ওয়েআপের ভাষ্যমতে, সেপ্টেম্বর পর্যন্ত স্ন্যাপচ্যাট জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও পরে তা কমতে শুরু করে।
ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরে ফেইসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। কিন্তু, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে তা দ্বিগুণ হ্রাস পায়। মেসেঞ্জারের তুলনায় ফেইসবুক ছয়গুণ বেশি জনপ্রিয় অ্যাপ হিসেবে তালিকায় জায়গা পেয়েছে।
অন্যদিকে, সম্প্রতি বৈশ্বিক তথ্য ও পরিগণনাবিষয়ক মার্কিন প্রতিষ্ঠান নিয়েলসেন-এর এক গবেষণায় দেখা যায়, ২০১৫ সালে দ্রুত-জনপ্রিয় হয়ে উঠা অ্যাপ হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপ।
২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে মেসেঞ্জার অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা অন্য অ্যাপের তুলনায় অনেক বেশি বলেই ওই গবেষণা প্রতিবেদনে জানিয়েছে নিয়েলসেন।
নিয়েলসনের গবেষণায় আরও জানা যায়, ২০১৫ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ইনস্টল হওয়া স্মার্টফোন অ্যাপ তালিকার শীর্ষে ছিল ফেইসবুক।
