ভাগ হচ্ছে ফুজিৎসু
নিজস্ব পিসি এবং মোবাইল বিভাগকে আলাদা করে নতুন দুটি প্রতিষ্ঠান তৈরি করার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে আরও কার্যকরী ব্যবসা সৃষ্টির লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২০১৬ সালের পয়লা ফেব্রুয়ারি আলাদা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে ফুজিৎসুর মোবাইল ও পিসি নির্মাণ বিভাগ। আপাতত দুটি প্রতিষ্ঠানই থাকবে ফুজিৎসুর মালিকানায়।
ফুজিৎসু নতুন দুই প্রতিষ্ঠানের নাম হবে ‘ফুজিৎসু ক্লায়েন্ট কম্পিউটিং লিমিটেড’ এবং ‘ফুজিৎসু কানেক্টেড টেকনোলজিস’। ‘ফুজিৎসু ক্লায়েন্ট কম্পিউটিং লিমিটেড’ প্রতিষ্ঠানটি পিসি, ল্যাপটপ এবং ডেস্কটপ বিভাগের কাজ সামলাবে। আর প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের দায়িত্ব চলে যাবে নতুন প্রতিষ্ঠান ‘ফুজিৎসু কানেক্টেড টেকনোলজিস’-এর হাতে।
মোবাইল ও পিসি নির্মাণ বিভাগকে দুই ভাগ করে আলাদা প্রতিষ্ঠান তৈরির কারণ ব্যাখ্যা করে ফুজিৎসু এক বিবৃতিতে জানিয়েছে, “পিসি ও স্মার্টফোনের মতো পণ্যগুলোর কার্যক্ষমতা ও ব্যবহার যত বাড়ছে, পণ্যগুলো আলাদা করার কাজ তত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, আর নতুন নতুন আন্তর্জাতিক নির্মাতা ও বিক্রেতার আত্মপ্রকাশের ফলে প্রতিযোগিতাও বাড়ছে।”
বর্তমানে জাপানের প্রতিটি পিসি নির্মাতা প্রতিষ্ঠান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভার্জ। ফুজিৎসু আর তোশিবার পিসি নির্মাণ বিভাগ আর সনির সাবেক ল্যাপটপ নির্মাণ বিভাগ ভায়ো একিভূত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে।
ফুজিৎসু কি নতুন দুটি প্রতিষ্ঠান তৈরি করেই থামবে নাকি এর পিসি নির্মাণ বিভাগ আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরবর্তীতে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হবে তা এখনই নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই বলেই জানিয়েছে ভার্জ।
