২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুমেরাং-এ নতুন আপডেট

বুমেরাং অ্যাপের জন্য নতুন আপডেট এনেছে অনলাইন মোবাইল ফটো ও ভিডিও শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম। অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায় এমন অ্যাপের তালিকায় বুমেরাং আড়াইশ’ অ্যাপের মধ্যে শীর্ষে আছে এখন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বুমেরাং-এর নতুন আপডেট ছোট হলেও ব্যবহারকারীরাই এতে সবচেয়ে বেশি আনন্দিত হবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। নতুন আপডেটের ফলে বুমেরাং-এ ব্যবহারকারীরা ছবি দিয়ে ছোট ছোট ‘ক্লিপড-টুগেদার ভিডিও’ বানাতে পারবেন যা অনেকটা জিফ বা অ্যাপল লাইভ ফটো’র মতো হবে। অ্যাপটির আইওএস আর অ্যান্ড্রয়েড উভয় সংস্করণের জন্য ওই প্রক্রিয়া ‘মসৃণ ও দ্রুত’ করা হয়েছে বলে দাবি করেছেন এর নির্মাতারা।

আপডেট সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “বুমেরাং-এ ভিডিও তৈরি ও শেয়ার আরও সহজ করতে আমরা বুমেরাং অ্যাপ উন্নত করেছি, যা এখন অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।”

“ফোনের ক্যামেরা রোলে এখন আর ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করা হবে না, তাই আপনি আপনার পছন্দের সেরা ভিডিওগুলো সংরক্ষণ করতে পারবেন। ইনস্টাগ্রামে শেয়ার করাও হবে মসৃণ ও দ্রুত।”

“আইফোন আর আইপ্যাডের ক্ষেত্রে বুমেরাং এখন আপনার ডিভাইসের ফ্ল্যাশের সঙ্গে কাজ করবে, যার ফলে আপনি অন্ধকারেও ভিডিও বানাতে পারবেন। সেই সঙ্গে আপনি ২০ ফ্রেম পর্যন্ত আপনার ভিডিও দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করতে পারবেন। আইফোন বা আইপ্যাডের ক্যাপচার বাটন চেপে ধরে রাখতে হবে, সঠিক মুহূর্ত তা ছেড়ে দিলেই ভিডিও ধারণ করে নেবে।”—যোগ করা হয়েছে ওই বিবৃতিতে।

বুমেরাং দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সংরক্ষণের ফলে ডিভাইসের স্টোরেজ দ্রুত শেষ হয়ে যায়, যা ব্যবহারকারীদের অনেকের জন্যই বড় একটা মাথা ব্যথার কারণ ছিল। নতুন আপডেটে সেই বিপত্তি অনেকটাই দূর হবে।